পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
কৃষি মন্ত্রণালয়ের আদেশে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ৬২ ট্রাক প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ভারতীয় পাটবীজ আমদানি করা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ডিডি) মাহফুজুল ইসলাম শনিবার বিকালে পাটবীজ আমদানীর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে ও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঐ দিনই রাত সাড়ে ১১টা পর্যন্ত পাটবীজবাহী ট্রাক থেকে বীজের বস্তাগুলো খালাস করা হয়। চালকদের কোথাও যেতে দেওয়া হয়নি এবং ভারতে পাঠানো হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) সোমেন কুমার চাকমা বলেন, কৃষি মন্ত্রণালয়ের আদেশে ওপারে ভারতীয় পাটবীজবাহী আটকে থাকা গাড়িগুলো গ্রহণ করা হয়েছে। যেহেতু এখন পাটবীজ বপনের সময় সেহেতু কৃষকদের স্বার্থেই পাটবীজগুলো দ্রুত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে লালমনিরহাট জেলা প্রশাসন।
