বকেয়া বেতনের দাবিতে চান্দিনায় জুট মিল শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২১:৩৯

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের ভয় উপেক্ষা করে কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে দুইটি জুট মিলের সহস্রাধিক শ্রমিক। 

রবিবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর-হাড়িখোলা এলাকা অবরোধ করে ঊষা জুট মিল ও আশা জুট মিলের শ্রমিকরা। পরে পুলিশের তত্পরতায় অবরোধ তুলে নেয় আন্দোলনরত শ্রমিকরা।

মিলের সিবিএ সভাপতি সুজন মুন্সি জানান, মিলের অর্থনৈতিক সংকট থাকায় পাট কেনার জন্য গত দুই মাস আগে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তিন সপ্তাহের বেতন বকেয়া রাখার সিদ্ধান্ত হয়েছিল। হঠাত্ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় গত ২৫ মার্চ শ্রমিকদের এক সপ্তাহের বেতন প্রদান করে মিল বন্ধ ঘোষণা করা হয় এবং মিল খোলার পর তাদের বকেয়া ২ সপ্তাহের বিল প্রদান করা হবে। কিন্তু শ্রমিক গুজব রটিয়েছে যে, সরকার শ্রমিকদের মাথাপিছু ৫ হাজার টাকা করে দিয়েছে সেটা মিল কর্তৃপক্ষ শ্রমিকদের দিচ্ছে না। গুজবকে পুঁজি করে অযথা আন্দোলন শুরু করে। আমি মিলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি যত দ্রুত সম্ভব তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

এ ব্যাপারে ঊষা জুট মিলের সিনিয়র ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন বলেন, আমরা অ্যাডমিনিস্ট্রেশনে কথা বলব।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান, সরকারি ৫ হাজার টাকার অনুদানের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। এমন গুজব ছড়িয়ে মিলের শ্রমিকদের সঙ্গে স্থানীয় কিছু অতিউত্সাহী লোক এক হয়ে এ পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।