লক্ষ্মীপুর প্রতিনিধি
“ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার” এ স্লোগানে লক্ষ্মীপুরে করোনা পরিস্থিতিতে ঘর থেকে বের না হওয়া রোগী ও করোনা রোগীদের জন্য ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। শনিবার দুপুরে সিভিল সার্জন ডা. আবদুল গফফারের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের সার্বিক সহযোগিতায় এবং সিভিল সার্জনের উদ্যোগে করোনা মোকাবিলায় সাধারণ রোগী ও করোনা রোগীদের সেবার এ কার্যক্রম পরিচালিত হবে।
মেডিক্যাল টিমে দুটি অ্যাম্বুলেন্স, দুই জন চিকিত্সক ও একজন নার্স সর্বদা প্রস্তুত থাকবে। মেডিক্যাল টিমের সদস্যদের নিরাপত্তায় প্রয়োজনীয় সরঞ্জামাদি দেওয়া হয়েছে। সিভিল সার্জনের সমন্বয়ে গঠিত হটলাইন ও অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের হটলাইনে ফোন দিলে রোগীর কাছে মেডিক্যাল টিমের সদস্যরা চিকিত্সাসেবা দিতে পৌঁছে যাবে। সিভিল সার্জন ডা. আবদুল গফফার বলেন, সেবা পেতে হটলাইন নম্বর দেওয়া হয়েছে ০১৮৮৯-৭৫৩০৩৯, ০১৬৩১-৬২০৮০৫। যে কেউ হটলাইনে ফোন করতে পারবেন।
পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, জেলার সকল ভুক্তভোগী রোগী ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমের মাধ্যমে সেবা পাবে। এদিকে এর আগে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুর উদ্যোগে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। মেডিক্যাল টিমটি বাড়ি বাড়ি গিয়ে রোগীদের সেবা দিচ্ছেন।
