জামালপুর প্রতিনিধি
জামালপুরে করোনা সন্দেহে গত দুই দিনে জেলার সাত উপজেলা থেকে বিদেশফেরত এমনকি করোনা সন্দেহভাজন হোম কোয়ারেন্টাইনে থাকা ১৩ ব্যক্তির নমুনা সংগ্রহের রিপোর্ট শনিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাব কর্তৃপক্ষ পাঠিয়েছে। রিপোর্ট অনুযায়ী তাদের নেগেটিভ এসেছে অর্থাত্ করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে উল্লেখ করেছেন ল্যাব কর্তৃপক্ষের প্রধান। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের সহকারী সিভিল সার্জন ডা. এ কে এম শহিদুজ্জামান। এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকা যুবকরা মাথা ন্যাড়া করে ফেলছে। জামালপুরের সহকারী সিভিল সার্জন ডা. এ কে এম শহিদুজ্জামান উল্লেখ করেন, শনিবার পর্যন্ত জামালপুর জেলায় কোনো করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি। তাই তিনি সবাইকে সরকারি নিয়ম মেনে অযথা রাস্তায় ঘোরাফেরা না করে বাড়িতে থেকে করোনা ভাইরাসকে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। করোনা ভাইরাস রোধে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে জেলার একমাত্র কামালপুর স্থলবন্দর, লাউচাপড়া পর্যটন ও বিনোদন কেন্দ্রসহ সাপ্তাহিক হাটবাজার। এদিকে হোম কোয়ারেন্টাইন থেকে মাথা ন্যাড়া করার হিড়িক পড়েছে যুবকদের মধ্যে। এমন দৃশ্যই দেখা গেছে বকশীগঞ্জসহ পুরো জেলায়।
