কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্য বিতরণ
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা উপজেলা প্রশাসন ও এমপি আবুল হাসানাত আবদুল্লাহর উদ্যোগে রবিবার কর্মহীন মানুষের বাড়ি বাড়ি নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা, মোল্লাপাড়া এলাকা ঘুরে ৩০টি কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন প্রমুখ এই খাদ্য পৌঁছে দেন।
বেকার নৈশপ্রহরীদের মধ্যে খাদ্য বিতরণ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা করোনা পরিস্থিতিতে বেকার হয়ে যাওয়া বিভিন্ন হাটবাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করা ৫০ জন অসহায় মানুষকে রবিবার খাবার দিয়েছে নাগেশ্বরী থানা পুলিশ। থানা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের এ সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, এএসপি লুত্ফর রহমান, থানার ওসি রওশন কবীর প্রমুখ।
চিকিত্সক, সাংবাদিক ও পুলিশের মধ্যে পিপিই বিতরণ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা রামগঞ্জে রবিবার লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের পক্ষ থেকে সাংবাদিক, চিকিত্সক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশের মধ্যে পিপিই ও মাস্ক বিতরণ করা হয়েছে। রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়াম, রামগঞ্জ সাংবাদিক ফোরাম কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে এগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গুনময় পোদ্দার প্রমুখ।
হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
নাটোর প্রতিনিধি নাটোরে হতদরিদ্রদের জন্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে রবিবার। কেন্দ্রীয় ঈদগাহ্ প্রাঙ্গণে খাদ্য বিভাগের এই কর্মসূচি উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে পিপিই ও মাস্ক বিতরণ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে রবিবার সাংবাদিকদের মধ্যে পিপিই ও মাস্ক বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী। নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সাংবাদিকদের জন্য এই পিপিই ও মাস্ক দেওয়া হয়েছে। এ সময় প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ
রাঙ্গামাটি প্রতিনিধি রাঙ্গামাটির কাপ্তাইয়ের শিলছড়ির বনফুল মহিলা ক্লাবসংলগ্ন চত্বরে রবিবার ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা। এ সময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইতালি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মহীনদের মধ্যে লিফলেট মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ
তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে রবিবার কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে লিফলেট, মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান, ভ্যানচালকসহ বিভিন্ন পেশার লোকজনের মধ্যে এগুলো বিতরণ করেন তানোর থানা পুলিশ। এছাড়া তানোর থানার ওসি রাকিবুল হাসান নিজে তানোর ও গোল্লাপাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় দোকানের সামনে নিরাপদ দূরত্বের গোলবৃত্ত এঁকে দেন।
নিম্ন আয়ের মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য অধিদপ্তর পরিচালিত ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে। রবিবার দুপুরে ভাদুঘর বাজারে কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক হায়াত্ উদ দৌলা খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
চার শতাধিক নারী শ্রমিকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে রবিবার মহানগর জাতীয় শ্রমিক লীগ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ চার শতাধিক নারী শ্রমিকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। নগরীর জাহাজ কোম্পানি মোড়ে চাল আমোদ এলাকায় জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ে জাতীয় মহিলা শ্রমিক লীগের চার শতাধিক নেতাকর্মীর মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় মহানগর জাতীয় শ্রমিক লীগের কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক এম এ মালেক মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ মোটরসাইকেল টিম
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে থানা পুলিশের একটি বিশেষ মোটরসাইকেল টিম।
চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজের নির্দেশে মোটরসাইকেল টিমের নেতৃত্ব দেন ইন্সপেক্টর অপারেশনের ত্রিনাথ সাহা। রবিবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারে পুলিশের মোটরসাইকেল টিমের সচেতনতামূলক কার্যক্রম দেখে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে।
ব্যতিক্রমী পদ্ধতিতে দরিদ্রদের মধ্যে খাদ্যশস্য বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি বাড়ির সামনে ১০০ থেকে ২০০ গজ সামনের রাস্তায় এক মিটার দূরত্বে একটি করে বৃত্ত। সেই বৃত্তে দাঁড়িয়ে আছেন একেকজন অসহায় মানুষ। বৃত্তের সামনে একটি করে ব্যাগ। রবিবার এভাবে সামাজিক দূরত্বে দাঁড়িয়ে খাদ্যশস্য বিতরণ ও গ্রহণ করা হয়েছে। পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন তার নিজ বাসভবনের সামনে ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের কারণে উপার্জনহীন পঞ্চগড় পৌরসভার নিম্নআয়ের দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যশস্য বিতরণ করেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে ভিজিডির চাল বিতরণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার তালার সদর ইউনিয়ন পরিষদে ভিজিডির ৩০ কেজি করে চাল ২৫৯টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। কর্মহীন, অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে এই চাল বিতরণ করেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ প্রমুখ।
সামাজিক দূরত্ব বজায় রেখে জেলেদের মধ্যে চাল বিতরণ
মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরায় রবিবার সামাজিক দূরত বজায় রেখে ১ হাজার ৬০০ জেলের মধ্যে চাল বিতরণ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। উপজেলার হাজিরহাট ইউনিয়নের পরিষদের নিচতলায় এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক, ওসি সাখাওয়াত হোসেন প্রমুখ।
অসহায় পরিবারের মধ্যে দুধ বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরে রবিবার অসহায় শ্রমজীবী মানুষের বাড়ি বাড়ি গিয়ে দুধ বিতরণ করে ব্যক্তিক্রমী উদ্যোগের সূচনা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। সরকারের ত্রাণ সহায়তার পাশাপাশি নিজ উদ্যোগে উপজেলার ১০০ পরিবারের মধ্যে প্রতিটি পরিবারে তাদের বাচ্চাদের জন্য পুষ্টির নিশ্চয়তায় এক লিটার করে এই দুধ বিতরণ করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
