স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকায় শহীদুল ইসলাম (৩০) নামে এক অটোবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। নিহত শহীদুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার বনতাড়া গ্রামের সিপাহী মোল্লার ছেলে। পুলিশ জানায়, রবিবার সকালে সদর উপজেলার পাঁচবাড়ী এলাকার জপেয়াপাড়া গ্রামের ধানখেতে একটি লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহীদুলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, রাতে কে বা কারা তাকে কুপিয়ে পালিয়ে যায়। তবে তদন্ত শেষে ঘটনার মূল রহস্য জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
