ভিডিও কনফারেন্সে শিশুদের জামিন আবেদন নিষ্পত্তির সুপারিশ

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২২:৩৯

করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে আটক থাকা শিশুদের মুক্তির পথ খুঁজছে শিশুর অধিকার বিষয়ক সুপ্রিম কোর্টের বিশেষ কমিটি। সেই লক্ষ্যে শিশুদের মুক্তির জন্য জামিনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারকে সুপারিশ করবে এ কমিটি। ইতিমধ্যে কমিটি সুপারিশমালা প্রস্তুত করেছে। গতকাল রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয়। কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী প্রমুখ অংশ নেন।

বৈঠকসূত্র জানায়, ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় বিভিন্ন মামলায় অনেক শিশু ও কিশোর শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে আটক রয়েছেন; কিন্তু কেন্দ্রগুলোতে অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। স্বল্প স্থানে অধিকসংখ্যক শিশু বন্দি থাকায় করোনা ভাইরাসজনিত উদ্ভূত    পরিস্থিতিতে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশু আদালতে সংশ্লিষ্ট মামলায় বন্দি শিশুদের জামিন শুনানি ও মুক্তির লক্ষ্যে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ প্রসঙ্গে হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান ইত্তেফাককে জানান, করোনা উদ্ভূত পরিস্থিতিতে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কীভাবে সহজে তাদের আইনগত সহায়তা দেওয়া যায় সে সম্পর্কে আলোচনা হয়। শিশু আদালত কীভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের জামিনের দরখাস্ত নিষ্পত্তি করতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে কমিটি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।