ফাঁকা রাস্তায় দুর্ঘটনা

বিভিন্ন স্থানে সড়কে নিহত সাত

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২২:৪১

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো সংবাদ—

সাতকানিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ বাবুল (৩২) নামে এক আরোহী নিহত হয়েছেন। গতকাল উপজেলার কেরানীহাটের উত্তর পার্শে আধার মানিকের দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কালামিয়া বাজার এলাকার বাসিন্দা।

মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামুন মন্ডল (৩৫) নামে এক জন নিহত হয়েছেন। তিনি উপজেলার সাতপোতা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। শনিবার বামনগাছা নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের তেলবাহী ট্রাক উলটে অজ্ঞাত এক রিকশা চালক (৪৫) নিহত হয়েছেন। গতকাল পাঁচরুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কালিহাতী (টাঙ্গাইল) : কালিহাতীতে গাড়ি চাপায় মো. সোহেল রানা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের পাথাইলকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রেতুবাড়ী গ্রামের বাসিন্দা।

কালাই (জয়পুরহাট) : কালাইয়ে অটোভ্যানের ধাক্কায় আরিফুল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার পুনটহাটের আইডিয়াল স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আরিফুল উপজেলার পাঁচপাইকা গ্রামের মো. সুলতান হোসেনের ছেলে।

স্বরূপকাঠি (পিরোজপুর) : স্বরূপকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুত্ সুতার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের সেহাংগল বাজারের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার লক্ষণকাঠি গ্রামের বিজন সুতারের ছেলে।

স্টাফ রিপোর্টার, রাজশাহী : মোহনপুরে ট্রাকের ধাক্কায় রহিমা বেগম (৭৩) নামে এক জন নিহত হয়েছেন। গতকাল রাজশাহী-নওগাঁ মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।