সিলেটে মঙ্গলবার শুরু হচ্ছে করোনা টেস্ট

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২২:৪১

সিলেটে করোনা ভাইরাস শনাক্তের মেশিন ও ল্যাব স্থাপন কাজ দ্রুত এগোচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা আশা করছেন করোনা শনাক্তকরণ পরীক্ষার কাজ আগামী মঙ্গলবার থেকে শুরু করা যাবে। এমএএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা টেস্টের ল্যাব স্থাপনের কাজ ৮০ শতাংশ শেষ হয়ে গেছে। এদিকে জ্বর, সর্দি, কাশিতে ২৪ ঘণ্টায় তিন জেলার আক্রান্ত ২৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, আগামী মঙ্গলবার থেকে সিলেট ওসমানী করোনা শনাক্তকরণ টেস্টের কার্যক্রম শুরু হবে। এর মধ্যেই সংশ্লিষ্ট নার্স, চিকিত্সক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আইইডিসিআর-এর আরেকটি বিশেষজ্ঞ দল এসে চূড়ান্তভাবে মেশিনটি চালু করবে ও ল্যাব টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেবে। তিনি জানান সিলেটে ইতিমধ্যে করোনা পরীক্ষার ৫০০ কিট এসেছে।  মেশিন সরবারহকারী প্রতিষ্ঠান আরো ৪ হাজার  ৫০০ কিট  দেবে। 

হিমাংশু লাল রায় জানান, সিলেটে এক সঙ্গে আট জন রোগীর নমুনা মেশিনে পরীক্ষা করা যাবে। ফলাফল একই সঙ্গে বের হয়ে আসবে।  তবে কেউ সরাসরি ওসমানী মেডিক্যাল কলেজে এসে পরীক্ষা করতে পারবেন না। ডাক্তাররা যাকে করোনা আক্রান্ত হিসেবে সন্দেহ করবেন এবং পরীক্ষার প্রয়োজন মনে করলে শুধু তাকেই পরীক্ষা করা হবে।

এছাড়া ২৪ ঘণ্টা মেশিন সচল থাকলে ২০০ জনের পরীক্ষা করা যাবে এই মেশিন দিয়ে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ মিলিয়ে এই চার জেলার লোকদের পরীক্ষা করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গতকাল রবিবার ২৪ ঘণ্টায় সিলেটের তিন জেলায় ২৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেটে ২ জন, সুনামগঞ্জে ৭৭ জন, মৌলভীবাজারে ২০৩ জন রয়েছেন। তাদের মধ্যে কোনো প্রবাসী নেই। এছাড়া শ্রীমঙ্গলে করোনা সন্দেহে মারা যাওয়া নারীর সংস্পর্শে থাকা ১৪ বছরের শিশুকেও হাসপাতাল কোয়ারেন্টাইনে আনা হয়েছে। এ পর্যন্ত সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল আইসোলেশনে আছেন দুই নারীসহ তিন জন এবং জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে আছেন এক জন।