শিক্ষাপ্রতিষ্ঠানও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২২:৫১

বাংলাদেশে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ানো হয়েছে।  আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে বলে শিক্ষামন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন। তিনি গতকাল সাংবাদিকদের জানান, সরকারি ছুটির সাথে মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত থাকবে। এর পরে আরো বাড়ানো হবে কি না সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সব অফিস আদালত ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার যে ঘোষণা সরকার দিয়েছিল, তাও ইতিমধ্যে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটিও এর সঙ্গে যুক্ত হবে।

শিক্ষা প্রতিষ্ঠান যতদিন বন্ধ থাকবে ততদিন সব ধরনের কোচিং সেন্টারও বন্ধ থাকবে বলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে করোনা ভাইরাস এর পরিস্থিতিতে চলমান প্রাথমিক বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীদের লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষার জন্য ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’ এ বিষয়ভিত্তিক পাঠদান কর্মসূচি ‘ঘরে বসে শিখি’ গ্রহণ করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট রুটিন অনুযায়ী কাল ৭ এপ্রিল  মঙ্গলবার হতে এ কার্যক্রমের সম্প্রচার শুরু হবে। পাঠদান কার্যক্রম বিকাল ২টায় শুরু হয়ে শেষ হবে বিকাল ৪টায়। প্রতিটি বিষয়ে পাঠদান ২০ মিনিট পর্যান্ত চলবে।

টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক শ্রেণি পাঠ শেষে পাঠদানকৃত বিষয়ের ওপর বাড়ির কাজ দিবেন। শিক্ষার্থীরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দিবে।