‘বিদেশি নাগরিকদের সহায়তা দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে’

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০০:২১

বাংলাদেশ সরকার বিদেশি নাগরিক এবং বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের স্থায়ী বাসিন্দাদের সার্বিক সহায়তার বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। ঢাকায় অবস্থিত বিদেশি মিশনসমূহ যারা তাদের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের এই দুর্যোগকালীন সময়ে পরিবারের সঙ্গে থাকার জন্য নিজ নিজ দেশে নিয়ে যেতে ইচ্ছুক, তাদের যে কোনো সহযোগিতার বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক রয়েছে। এছাড়া বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক ও স্থায়ী বাসিন্দা, বিশেষ করে কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদেরকে যথাযথ স্বাস্থ্য সুবিধা এবং সহযোগিতা দেওয়ার বিষয়েও প্রতিজ্ঞাবদ্ধ। গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের আন্তরিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রে দুটি বিশেষ ফ্লাইটসহ এখন পর্যন্ত ৬টি বিশেষ ফ্লাইটে ৯০০ বেশি বিদেশি নাগরিক নিজ নিজ দেশে ফিরে গেছেন। এদের অধিকাংশই নিয়মিত যাত্রী যারা বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির আগে বাংলাদেশে এসেছিলেন এবং নিয়মিত ফ্লাইট বন্ধের কারণে আটকা পড়েন। তারা তাদের দূতাবাসগুলোর সঙ্গে নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে যোগাযোগ করে এবং এরই পরিপ্রেক্ষিতে দূতাবাসগুলো বাংলাদেশ সরকারের সহযোগিতায় ভাড়া করা বিমানের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে।

এদের মধ্যে যুক্তরাষ্ট্রগামী অধিকাংশযাত্রীই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও স্থায়ী বাসিন্দা যারা বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ পরিবারের সঙ্গে থাকার জন্য যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। জাপানিজ এবং রাশিয়ান নাগরিক যারা বাংলাদেশ ত্যাগ করেছেন তাদের একটি বড়ো অংশ এদেশে বিভিন্ন প্রকল্পে কাজ করতেন, যা বর্তমান পরিস্থিতিতে বন্ধ রয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের সকলেই বাংলাদেশে ফিরে আবার কাজে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় নিজ নিজ দেশে ফেরত গেছেন।

এদিকে দ্বিতীয় দফায় স্পেশাল ফ্লাইটে বাংলাদেশ ছেড়ে গেছেন ৩২২ মার্কিন নাগরিক। তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের ভাড়া করা বিমানটি সন্ধ্যায় ঢাকা ছেড়ে যায় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান। তিনি জানান, মোট ৩২২ মার্কিন নাগরিক, দুটি পোষা কুকুর আর একটি বিড়ালকে বহনকারী কাতার এয়ারওয়েজের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে ঢাকা ছাড়ে।