শবে বরাতের ৪ পদ

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৯:৩৫

আর দুই দিন পরেই পবিত্র শবে বরাত। এই দিনে অনেকেই বাড়িতে তৈরি করেন নানারকম মুখরোচক খাবার। তেমনি ৪ পদের রেসিপি  নিয়ে এবারের আয়োজন

কুলচা রুটি

উপকরণ :ময়দা আধা কেজি, ইস্ট ২ চা চামচ, চিনি ২ চা চামচ, লবণ পরিমাণমতো, তরল দুধ পরিমাণমতো (ময়দা মাখাবার জন্য), তেল ২ টেবিল চামচ, সিদ্ধ আলু চটকানো ৩টা, জিরা গুঁড়া সিকি চা চামচ, চিলিফেক্স আধা চা চামচ, টেস্টিং সল্ট সিকি চা চামচ (ইচ্ছা), লবণ পরিমাণমতো।

প্রণালি :ময়দায় ইস্ট, চিনি, লবণ ও পরিমাণমতো তরল দুধ দিয়ে মেখে নিন ভালো করে। এবার তেল দিয়ে আবার মাখুন। এবার ঢেকে রাখুন ২ ঘণ্টা। ফুলে যখন দ্বিগুণ হবে পরিমাণ মতো রুটির খামির নিয়ে আলু+জিরা গুঁড়া+চিলি ফেক্স+লবণ+টেস্টিং সল্ট একসাথে মেখে এই মিশ্রণ পুর খামিরের ভেতরে দিয়ে গোল করে রুটি বেলে নিন। এবার তাওয়ায় সেঁকে নিন। গরম গরম মাংস দিয়ে পরিবেশন করুন।

 

নারিকেলের মিষ্টি বা বরফি

উপকরণ: কুরানো নারিকেল ২টি বেটে নিতে হবে। গুঁড়ো দুধ- ২০০ গ্রাম, এলাচ গুঁড়ো- ১ চা চামচ, চিনা বাদামের গুঁড়ো- ২টি, চিনি- দেড় কেজি, ঘি- ২৫০ গ্রাম।

প্রণালি: প্রথমে একটি পাতিলে ঘি গরম করে তাতে এলাচের গুঁড়ো, নারিকেল বাটা, চিনি, দেড় কাপ বাদামের গুঁড়ো এবং গুঁড়ো দুধ দিয়ে একসাথে মিশ্রিত করে মাঝারি আঁচে নাড়তে থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। নাড়তে নাড়তে যখন মিশ্রণটা আঠালো হবে তখনই সেটি একটি ট্রেতে ঘি লাগিয়ে ঢেলে সাথে সাথে হাত দিয়ে সমান করে উপরে বাদামের কুঁচি ও কিছু গুঁড়ো দুধ ছিটিয়ে চারকোণা করে কেটে নিজের পছন্দ অনুযায়ী ডিশে রেখে পরিবেশন করুন।

 

মাসকট হালুয়া

উপকরণ :নারিকেল বাটা ১ কাপ, কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠ বাদাম বাটা আধা কাপ, ঘন দুধ আধা কাপ, ছানা ১ কাপ, মাওয়া আধা কাপ, ঘি আধা কাপ, চিনি দেড় কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচের একটু কম, গোলাপ জল ১ টেবিল চামচ (ইচ্ছা), দারুচিনি ৩ টুকরা, সবুজ ফুড কালার সিকি চা চামচ, তবক পরিমাণমতো।

প্রণালি :নারিকেল, বাদাম বাটা, ছানা ও ঘন দুধ একসাথে মিশিয়ে নিন। এবার প্যানে ঘি দিন, গরম হলে দারুচিনির ফোড়ন দিন। তারপর ছানা ও নারিকেলের মিশ্রণ ঢেলে নাড়ুন। ভালো করে ভুনে নিন। এবার চিনি দিন। মাওয়া, গোলাপ জল, এলাচ গুঁড়া দিয়ে নাড়ুন। হালুয়া প্যানের গা ছেড়ে এলে সবুজ রং দিন। এবার একটি সমান প্লেটে ঘি মেখে মিশ্রণ ঢেলে দিন। বরফির উপরে তবক ছড়িয়ে দিন। ঠাণ্ডা হলে চারকোণা করে কেটে নিন।

 

মুগডালের হালুয়া

উপকরণ :মুগডাল বাটা ৪ কাপ, ক্ষীরসা আধা কাপ, গুঁড়া দুধ আধা কাপ, ঘি আধা কাপ, চিনি পরিমাণমতো, পেস্তা বাদাম কুচি ৩ টেবিল চামচ, চিনি পরিমাণমতো, পেস্তা বাদাম কুচি ৩ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, এলাচ ৩টি, দারুচিনি ৪ টুকরা, জাফরান আধা চা চামচ, গোলাপ এসেন্স সামান্য।

প্রণালি :মুগডাল সিদ্ধ করে বেটে নিন। এবার প্যানে ঘি দিয়ে এলাচ ও দারুচিনি দিন। তারপর মুগডাল বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিন। ১০/১৫ মিনিট কষানোর পর চিনি, ক্ষীরসা ও গুঁড়া দুধ দিন। আবার নাড়ুন। হালুয়া প্রায় হয়ে এলে বাদাম, কিশমিশ, জাফরান ও গোলাপ এসেন্স দিন। তারপর ঘন আঠালো হয়ে প্যানের গা ছেড়ে এলে হালুয়া নামিয়ে নিন। ঠাণ্ডা হলে হাতে ঘি মেখে গোল গোল করে ছাঁচের ছাপ দিন অথবা ইচ্ছামতো ডিজাইন করুন।