পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী সদর উপজেলার বল্লভপুর গ্রামে মাদ্রাসাসংলগ দক্ষিণ বল্লভপুর হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার জামে মসজিদে তাবলিগ জামাতে আসা ৯ জন মুসল্লিকে ঐ মসজিদেই ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম রবিবার রাতে মুসল্লিদের সেখানে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। এছাড়াও এ সময়কালে স্থানীয়দের ঐ মসজিদে প্রবেশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এ তাবলিগ জামাতের মুসল্লিদের দলনেতা (আমির) মো. জাহেদ জানান, ৪৮ দিন আগে তারা ঢাকা থেকে পটুয়াখালীর সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের বিভিন্ন মসজিদে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে পাঁচ জন আগেই বাড়ি চলে গেছেন এবং অপর ৯ জন মুসল্লি গত শুক্রবার দক্ষিণ বল্লভপুর হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার জামে মসজিদে আসেন। বর্তমানে তাদের দলের ছয় জন জেলার গলাচিপা উপজেলার, এক জন সদর উপজেলার, বরিশালের এক জন ও বাগেরহাট জেলার এক জন মুসল্লি রয়েছেন।
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের করোনা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান জানান, মুসল্লিদের ১৪ দিন ঐ মসজিদের ভেতরই কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা সংক্রমণ এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্দিষ্ট সময়ে বাইরে থেকে কেউ মসজিদে প্রবেশ করতে পারবেন না এবং কোয়ারেন্টাইনে থাকা মুসল্লিরাও সেখান থেকে বের হতে পারবেন না।
