মেয়র দিলেন সাড়ে ৩৫ লাখ টাকা

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২১:২৪

বিসিসির ত্রাণ তহবিল গঠন

বরিশাল অফিস

করোনা ভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীর অসহায় মানুষদের সাহায্য সহযোগিতার জন্য বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশন ত্রাণ তহবিল নামে গঠিত ঐ ত্রাণ তহবিলে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার সম্মানিসহ করপোরেশন থেকে প্রাপ্য সমুদয় অর্থের পুরোটাই অর্থাত্ ৩৫ লক্ষ ৫৪ হাজার টাকা প্রদান করেছেন। এছাড়াও ঐ তহবিলে বরিশাল নগরীসহ সমাজের বিত্তবানদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

সাধারণ ছুটির কারণে দেশের অন্যান্য স্থানের মতো বরিশাল নগরীর অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ সকল অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন মেয়র সাদিক আবদুল্লাহ। তার সরাসরি তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন কলোনিসহ সিটির ওয়ার্ডগুলোতে ৪০ হাজার অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সোমবার মেয়রের নির্দেশে নগরীর অসহায় মানুষের সাহায্যে গঠন করা হয় বরিশাল সিটি করপোরেশন ত্রাণ তহবিল। এ ত্রাণ তহবিল গঠনের সঙ্গে সঙ্গেই মেয়র নিজে তার দায়িত্ব গ্রহণের পর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত তার সম্মানি, জ্বালানি তেলের বিল ও অন্যান্য ভাতাদি থেকে প্রাপ্য ৩৫ লাখ ৫৪ হাজার টাকা প্রদান করেন। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে জনসাধারণকে নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে খাদ্যসহায়তা প্রদান করা হচ্ছে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নগরজুড়ে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।