করোনা অসতর্কতা
ইত্তেফাক ডেস্ক
সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও সামাজিক দূরত্ব না মানায় দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ঝিনাইদহ : অপ্রয়োজনে ঘর থেকে বেরুনো বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে করা হচ্ছে জরিমানা। সোমবার ৯০ জনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। তাদের কাছ থেকে জরিমানার ১ লাখ ৩ হাজার ৪০০ টাকা আদায় করা হয়েছে বলে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান।
ব্রাহ্মণবাড়িয়া : নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে সোমবার সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে শহরের নিউমার্কেটে অভিযান পরিচালনা করে। এ সময় নির্ধারিত সময় অতিক্রম করে দোকান খোলা রাখায় ৯ দোকানিকে জরিমানা করা হয়।
লালমনিরহাট : লালমনিরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় অপ্রয়োজনে ঘোরাফেরা ও মুখে মাস্ক না থাকায় ৯৩ জনকে ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহ. রাশেদুল হক প্রধান জানান, জেলার পাঁচ উপজেলার বিভিন্ন হাটবাজারে অভিযান পরিচালনা করে ঐ জরিমানা আদায় করা হয়েছে।
কাউখালী (পিরোজপুর) : সামাজিক দূরত্ব অমান্য ও নির্ধারিত সময় অতিক্রম করে দোকান খোলা রেখে জনসমাগম করায় কাউখালীতে ৯ দোকানিকে ৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত কাউখালীর বাসস্ট্যান্ড, তালুকদার হাট, গাজির হুলাবাজার, হাসপাতাল রোডের ঐ দোকানিদের জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : কসবা পুরাতন বাজারে সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স লক্ষ্মী বস্ত্রালয়কে আইন অমান্য করে দোকান খোলা রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম।
ছাগলনাইয়া (ফেনী) : ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১১ জন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া এ অভিযান পরিচালনা করেন।
নিকলী (কিশোরগঞ্জ) : নিকলীতে সরকারি নির্দেশ অমান্য করে রাস্তায় বের হওয়ায় রবিবার সন্ধ্যায় ২০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বোরহানউদ্দিন (ভোলা) : বোরহানউদ্দিনে সামাজিক দূরত্ব রক্ষা না করা ও সরকারি নির্দেশনা অমান্য করায় ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
পলাশ (নরসিংদী) : উপজেলার পলাশ বাজার ও ঘোড়াশাল বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট মেহেদী। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকায় অসঙ্গতি থাকায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মান্দা (নওগাঁ) : নির্ধারিত সময় অতিক্রমের পরেও খোলা রাখায় সোমবার মান্দায় পাঁচ দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
ঘোড়াঘাট (দিনাজপুর) : ঘোড়াঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন পশ্চিমে রতন নামের এক ব্যবসায়ী দোকানে দুই বস্তা ত্রাণের চাল রাখায় জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ঐ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।
রাজশাহীতে আইসোলেশনে নাটোরের যুবক
স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহীর আইসোলেশন ওয়ার্ডে (আইডি হাসপাতাল) আরেকজনকে ভর্তি করা হয়েছে। নাটোরের বাগাতিপাড়া থেকে ঐ যুবককে রাজশাহীতে পাঠানো হয়েছে। এদিকে রামেক করোনা ল্যাবে সোমবার আরো ৩১টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার জানান, ৩১টি নমুনার মধ্যে রাজশাহীর ছয়টি, বগুড়ার ছয়টি, চাঁপাইনবাবগঞ্জের ১০টি, নাটোরের আটটি ও নওগাঁর একটি। রামেকে ১ এপ্রিল ল্যাব চালুর পর এনিয়ে ৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় চিকিত্সাধীন নার্সকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
