এক চিকিত্সক আক্রান্ত
সিলেট অফিস
সিলেটে করোনা ভাইরাস শনাক্তের মেশিন ও ল্যাব স্থাপন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা আশা করছেন, করোনা শনাক্তকরণ পরীক্ষার কাজ মঙ্গলবার থেকে শুরু করা যাবে। এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা টেস্টের ল্যাব স্থাপন কাজ ৮০ ভাগ শেষ হয়ে গেছে। সোমবার এ সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার থেকে করোনা শনাক্তকরণ টেস্টের কার্যক্রম শুরু হবে। এর মধ্যেই সংশ্লিষ্ট নার্স, চিকিত্সক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আইইডিসিআর-এর আরেকটি বিশেষজ্ঞ দল এসে চূড়ান্তভাবে মেশিনটি চালু করবে ও ল্যাব টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেবে। তিনি জানান, সিলেটে ইতিমধ্যে করোনা পরীক্ষার ৫০০ কিট এসেছে। মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান আরো ৪ হাজার ৫০০ কিট দেবে। গত ৩০ মার্চ করোনা ভাইরাস পরীক্ষার আরটি-পিসিআর মেশিন ও সরঞ্জাম সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে এসে পৌঁছে।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন, সিলেটে এক সঙ্গে আট জন রোগীর নমুনা মেশিনে পরীক্ষা করা যাবে। এদিকে সিলেটে নভেল করোনা ভাইরাসে গত রবিবার একজন চিকিত্সক আক্রান্ত হয়েছেন বলে সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে আরো ১০ জনকে।
