চট্টগ্রামে ফার্মেসি ছাড়া সব দোকান সন্ধ্যা ৭টা থেকে বন্ধ ঘোষণা

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২১:২৭

চট্টগ্রাম অফিস

শুধু ওষুধের দোকান ছাড়া চট্টগ্রাম মহানগরী এলাকায় সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের দোকান বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল সোমবার সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের দপ্তর থেকে জারিকৃত এই নিষেধাজ্ঞার বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করা হয়। নিষেধাজ্ঞায় কাঁচাবাজার, মুদি দোকানসহ সব ধরনের দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণায় উল্লেখ করা হয়।

সিএমপি কমিশনার অফিস থেকে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে জনসাধারণের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে মহানগর এলাকায় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। কাঁচাবাজার, মুদিদোকানসহ সব ধরনের দোকান বন্ধ থাকবে।

রংপুরে বিকাল ৫টার পর

দোকানপাট বন্ধ

রংপুর প্রতিনিধি জানান, করোনার প্রভাবে উদ্ভূত পরিস্থিতির আলোকে রংপুর মহানগরীসহ জেলার সব উপজেলায় বিকাল ৫টার পর থেকে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে শুধু ওষুধের দোকানসহ কৃষিজাত পণ্য পরিবহন এবং এর ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে এ বিধি-নিষেধের আওতামুক্ত থাকবে। রংপুরের জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ আসিব আহসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধসহ সামাজিক দূরত্ব নিশ্চিত ও জেলার সব মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে প্রতিদিন বিকাল ৫টার পর থেকে ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান, কাঁচাবাজার, হাট এবং মার্কেটগুলো বন্ধ ঘোষণা করা হলো। তবে এই বিধি-নিষেধের আওতামুক্ত থাকবে কৃষিজাত পণ্য পরিবহন ও বিপণনজনিত ক্রয়-বিক্রয় কার্যক্রম।