অণুগল্প

ডাইনোসরের ডিম

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২২:০০

 

রাজিনের প্রিয় খাবার যে কোনো আইটেম—চিকেন। গ্রিল চিকেন। হোল চিকেন রোস্ট। চিকেন কোর্মা, চিকেন কারি, অল্প ঝোলে আলু দিয়ে চিকেন, চিকেন ফ্রাই। চিকেন হলেই হলো। রাজিনের আর কিছু চাই না। গপাগপ সে চিকেন খেয়ে ফেলতে পারে।

আমি বললাম, চিকেন খেতে খেতে একদিন তো তুই চিকেন হয়ে যাবি।

রাজিন মুখ টিপে হাসে। তারপর বলল, গরুর মাংস খেতে খেতে তুমি কি গরু হয়ে যাবে?

এখন থেকে আমি হাতির মাংস খাওয়া শুরু করব।

তাহলে কী হবে?

আমি তাহলে হাতির মতো বিশাল হয়ে যাব।

আমি তাহলে পিঁপড়ে খাওয়া শুরু করব।

কী হবে?

পিঁপড়ের মতো ছোটো হয়ে যাব।

পিঁপড়ে খেলে কী হয় জানো তো?

বলল রাজিন।

না। জানি না।

পিঁপড়েরা পানিতে ভেসে থাকতে পারে। তাই পিঁপড়ে খেলে সাঁতার কাটা যায়।

তুই পিঁপড়ে খাবি?

না আমি হাতির মাংস খাব।

হাতির মাংস তো পাওয়া যায় না।

এবার চিন্তিত মনে হলো রাজিনকে।

তাহলে আমি ডাইনোসরের ডিম ভাজা খাব।

আমার চোখ কপালে উঠল।

ডাইনোসরের ডিম কোথায় পাওয়া যাবে?

তোমাকে কাল জানাব কোথায় পাওয়া যাবে।

কীভাবে?

সেটা বলব না।

আমিও রহস্যের মধ্যে থাকলাম। ডাইনোসরের ডিম কোথায় পাবে রাজিন?