করোনা দুর্যোগে সহায়তার হাত

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২২:০৭

ডেস্ক রিপোর্ট

করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

মানিকগঞ্জে নিজস্ব  উদ্যোগে এমপি দুর্জয়

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে নিজস্ব তহবিল থেকে খাদ্যসহায়তা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। গতকাল শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট, শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়, আরিচার জেলা পরিষদ ডাকবাংলো ও বন্দর সমিতি অফিসের সামনে তিনি দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া ঘিওর উপজেলার নালী ইউনিয়নের বাঠইমুড়ি মাজার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবকদের সহায়তায় ১৫০ জনকে ত্রাণসামগ্রী ও একটি করে সাবান বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগ নেতা তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগ নেতা ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবদুর রাজ্জাক রাজা প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

ঢাকা জেলা প্রশাসন

গতকাল ঢাকা জেলা প্রশাসন মিরপুরের রুপনগরের শিয়ালবাড়ীতে ৭০০ পরিবারের মধ্যে এবং তেজগাঁওয়ের মান্ডাতে ৫২০ কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। এছাড়া ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় ৪১৬ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য আসলামুল হক, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহিদ্দুজামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মমিন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আড়াইহাজারে এমপি নজরুল ইসলাম বাবু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ-২ এর সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু গতকাল  উপজেলার সদর পৌরসভার কামরানীরচর, পাঁচগাঁও, লস্করদী, ব্রাহ্মন্দী ও গোপালদী এলাকায় ত্রাণ বিতরণ করছেন। তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী।

সোনারগাঁওয়ে ব্যবসায়ীর উদ্যোগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের ব্যবসায়ী শাকিল আহম্মেদের উদ্যোগে চার শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। 

ধামরাইয়ে দিনে এমপি, রাতে উপজেলা প্রশাসন

ধামরাই সংবাদদাতা জানান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ধামরাইয়ের এমপি বেনজীর আহমদ তার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৬২টি গ্রামের সাড়ে ৩ হাজার মানুষের মধ্যে গতকাল ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, অ্যাডভোকেট সোহানা জেসমিন;  কুশুরা ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন, পিএস মো. বিল্লাল হোসেন প্রমুখ।

এছাড়া জনসমাগম এড়াতে উপজেলা কৃষক লীগের সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অন্য  কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাস্তা আশ্রয়ণ প্রকল্প ও আদর্শ গ্রামে রবিবার রাতে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক জানান, এই  ত্রাণ এসেছে  বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে।

গাজীপুরে ইমন প্যাকেজিং লিমিটেড

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে খাদ্য সহায়তা দিয়েছেন গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার শিল্পপতি ইমন প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজী মো. ইসমাইল হোসেন।  গতকাল কোনাবাড়ি হরিণারচালা এলাকায় নিজ বাসার সামনে তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন হেলু, সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাধীনবাংলা প্রশিক্ষণ কেন্দ্র

গতকাল ঢাকা উত্তর সিটির  ৪৯ নম্বর ওয়ার্ডের কাওলা মধ্যপাড়ায় ৫০০ পরিবারের মধ্যে স্বাধীনবাংলা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে  করোনা প্রতিরোধ সামগ্রী ছাড়াও ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা রাশেদুল হক সোহেল।

নবাবগঞ্জে সেলস্ প্রমোশন সার্ভিস লিমিটেড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, গতকাল  এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেলস্ প্রমোশন সার্ভিস লিমিটেড (এসপিএস) নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবু হোসেন খাঁন এতে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন।