মানবতার সেবায় মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল
ইত্তেফাক রিপোর্ট
প্রাণঘাতী করোনা আতঙ্কে অনেক বেসরকারি হাসপাতাল সেবা প্রদান বন্ধ করে দিলেও রাজধানীর উত্তরায় অবস্থিত শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু রেখেছে। সব রোগীই সেখানে সেবা পাচ্ছেন। কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস চলছে। সেবা না দিয়ে কোনো রোগীকে সেখান থেকে ফেরত দেওয়া হচ্ছে না। চিকিত্সক, নার্সসহ স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য পিপিই সরবরাহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ, চিকিত্সক ও শিক্ষার্থীদের উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে মাস্ক, নিত্যপ্রয়োজনীয় খাবার বিতরণ করা হচ্ছে। শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান লায়লা নাসিম বলেন, এ হাসপাতালের ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যসেবা কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত অফিস করছেন। কোনো রোগীকে ফেরত দেওয়া হয়নি। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য পর্যাপ্ত পিপিই দেওয়া হয়েছে। তিনি আরো জানান, শীত, গ্রীষ্ম, বর্ষা বা সরকারি ছুটির দিন, হরতাল-অবরোধ কোনো কিছুতেই এই হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ থাকে না। বছরের ৩৬৫ দিন ২৪ ঘণ্টা জরুরি বিভাগ খোলা থাকে। মানুষ এখানে এলে ডাক্তার পাবেই।
