চতুর্থ দিনের মতো স্পেনে মৃতের সংখ্যা কমেছে

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২২:৪১

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। গতকাল আক্রান্ত প্রায় ১৩ লাখ এবং মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে। তবে ভয়ংকরভাবে ছড়িয়ে পড়া স্পেনে চতুর্থ দিনের মতো মৃত্যুর সংখ্যা কমেছে। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা কমলেও আগের চেয়ে কমেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সুড়ঙ্গের শেষে আলো দেখা যাবে। আক্রান্তের সংখ্যা বাড়ায় জরুরি অবস্থার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জাপান। আর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ফের তার পুরানো চিকিত্সা পেশায় ফিরেছেন। মুম্বাইয়ে একটি হাসপাতালের ২৬ নার্স ও ৩ চিকিত্সক    আক্রান্ত হওয়ায় ঐ হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে।

স্পেনে কমছে

স্পেনে ২৪ ঘন্টায় আক্রান্ত বেড়েছে ৪ হাজার ২৭৩ জন এবং মারা গেছে ৬৩৭ জন। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৩৫ হাজার ৩২ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৫ জনের। এর আগে ৫ এপ্রিল নতুন আক্রান্ত ৫ হাজার ৪৭৮ ও মৃত্যু ৬৯৪ জন, ৪ এপ্রিল আক্রান্ত ৬ হাজার ৯৬৯ ও মৃত্যু ৭৪৯ জন, ৩ এপ্রিল আক্রান্ত ৭ হাজার ১৩৪ ও ৮৫০ জনের মৃত্যু হয়। ইতালিতেও আশার আলো দেখা গেছে। দেশটিতেও গত কয়েকদিন ধরে আক্রান্ত ও মৃত্যু কমছে।

আলো দেখছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে গতকাল পর্যন্ত মোট আক্রান্ত ৩ লাখ ৩৭ হাজার ৯২৫ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৬৪ জনের। এক দিনে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫২ জন। নিউ ইয়র্কে মৃত্যুর সংখ্যা কমেছে। রবিবার ঐ রাজ্যে মোট ৫৯৪জন মানুষের মৃত্যু হয়েছে। আগের দিন মারা গিয়েছিলেন ৬৩০ জন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একে ‘সুড়ঙ্গের শেষে আলোর দেখা পাওয়া গেছে’ বলে বর্ণনা করেছেন। তবে মার্কিন উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি মৃত্যুর হার কমাকে সাময়িক অগ্রগতি বলে মনে করেন। তার সঙ্গে সুর মিলিয়েছেন মার্কিন সার্জন জেনারেল জেরোমি অ্যাডামস। তিনি মনে করেন আগামী সপ্তাহগুলো হবে খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং সময়।

জাপানে জরুরি অবস্থা

করোনা ভাইরাসে প্রাদুর্ভাব ঠেকাতে জাপানের সরকার জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে। এ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলাচনায় বসবেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। বৈঠকের পরই জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত জাপানে ৩ হাজার ৬৫৪ জন আক্রান্ত। এর মধ্যে মারা গেছে ৮৫ জন।

অন্য দেশের পরিস্থিতি

কোয়ারেন্টাইনে যেতে রাজি না হওয়ায় তাইওয়ানের নাগরিক একজন নারীকে ডিপোর্ট করেছে দক্ষিণ কোরিয়া। আবার বাজারে আসা ক্রেতাদের ওপর ইচ্ছা করে কাশি দেওয়ার অভিযোগ প্রমাণ হওয়ায় নিউজিল্যা্লে এক ব্যক্তিকে সাজা দিয়েছে আদালত। চিকিত্সকদের সহায়তা করতে পুরানো পেশায় ফিরেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। তিনি ডাক্তার হিসেবে পুনরায় নিবন্ধন করেছেন এবং সপ্তাহে এক শিফট কাজ করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, ৭ বছরের ডাক্তারি করার অভিজ্ঞতা রয়েছে ভারাদকারের। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি জুনিয়র ডাক্তার হিসেবে কাজ করেছেন।

ভারতে নার্স ও চিকিত্সক আক্রান্ত

মুম্বাইয়ের ওখার্ড হাসপাতালে তিন জন চিকিত্সক ও ২৬ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত। এর জেরে ঐ হাসপাতালকে ‘সংক্রামক এলাকা’ (কনটেইনমেন্ট জোন) ঘোষণা করে হাসপাতালে সবার আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করছে কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৭০৪ জন যা এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৮১। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১১। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। তবে চিকিত্সায় সুস্থ হয়ে উঠেছেন ৩১৮ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ৮০। মৃতের সংখ্যা ৩। সুস্থ ১০ জন। যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল জানিয়েছেন, রাজ্যে আক্রান্ত ৬১ ও মারা গেছে ৩ জন। আক্রান্ত ও মৃত্যুতে রাজ্যগুলোর মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ৭৪৮ এবং ৪৫ জনের মৃত্যু হয়েছে।

ভারতের রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ও অন্যান্য রাজ্যপালরা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী এক বছর তারা তাদের বর্তমান বেতন থেকে ৩০ শতাংশ কম নেবেন। করোনার মোকাবিলায় ও অর্থনৈতিক বিপর্যয় সাম?লাতেই এই সিদ্ধান্ত। একইভাবে এমপিরা তাদের বেতন ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই অর্থ যাবে প্রধান?মন্ত্রীর তহবিলে। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছে সরকার। পাশাপাশি আগামী ২ বছরের সংসদ সদস্য তহবিলও বাতিল করা হচ্ছে। তহবিলের ৭ হাজার ৯০০ কোটি রূপিও প্রধানমন্ত্রীর তহবিলে যাবে বলে মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন।

নয়াদিল্লির নিজামুদ্দিন মারকাজে গত মাসে তাবলিগ জামাতে অংশ নেওয়া ২৫ হাজার অংশগ্রহণকারীকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে করোনা সংকটে আফগান সরকারকে সহায়তা করছে তালেবান। দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে বিরোধ থাকলেও সংকটে তারা ভাইরাসের বিস্তার রোধে এগিয়ে এসেছে। সরকার তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। -রয়টার্স, বিবিসি ও আল জাজিরা