করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে খুলনা মেডিক্যাল কলেজে (খুমেক) আজ মঙ্গলবার থেকে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে পরীক্ষা শুরু হবে। এরই মধ্যে করোনা ভাইরাস পরীক্ষার জন্য খুমেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করবেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম তুষার আলম বলেন, করোনা ভাইরাস টেস্টের জন্য খুমেকের তৃতীয়তলায় মাইক্রোবায়োলজি বিভাগে মলিকুলার ল্যাব তৈরি হয়েছে। এরপর স্থাপন করা হয়েছে পিসিআর মেশিন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) টিম এসে খুলনার সাত জন চিকিত্সককে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া ৭০০ কিট এসে পৌঁছেছে খুলনায়। করোনা ইউনিটের বিশেষজ্ঞ চিকিত্সকরা যাদের স্যাম্পল পাঠাবেন শুধু তাদের করোনা টেস্ট করা যাবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা মেডিক্যাল কলেজে স্থাপিত পিসিআর মেশিনের মাধ্যমে শনাক্ত হলেই শুধু ঐ রোগীকে ভর্তি করা হবে ডায়াবেটিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সায় নিয়োজিত চিকিত্সক, নার্স ও অন্যান্য জনবলের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে প্রস্তুত করা হয়েছে নগরীর রূপসা স্ট্যান্ড রোডের সিএসএস আভা সেন্টারকে।
