হাওরের ধান কাটতে যন্ত্র বরাদ্দ

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২২:৪৪

করোনা ভাইরাসের কারণে বোরো ধান কাটার শ্রমিকের অভাব থাকায় হাওর অঞ্চলের সাতটি জেলার ধান কাটার জন্য জরুরি ভিত্তিতে নতুন ১৮০টি কম্বাইন হারভেস্টর ও ১৩৭টি রিপার সরবরাহের বরাদ্দ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। বরাদ্দ পাওয়া জেলাগুলো হলো কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া।

উল্লেখ্য, বর্তমানে হাওরাঞ্চলে ৩৬২টি কম্বাইন হারভেস্টর ও ১ হাজার ৫৬টি রিপার সচল রয়েছে। এছাড়া পুরোনো মেরামতযোগ্য ২২০টি কম্বাইন হারভেস্টর ও ৪৮৭টি রিপার অতি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল সোমবার সচিবালয়ে ‘কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান সংক্রান্ত সমন্বয় কমিটির’ সভায় এসব তথ্য জানানো হয়। কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আরিফুর রহমান অপু, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ এবং কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কৃষি সচিব বলেন, ‘হাওরের বোরো ধান কাটার জন্য আমরা জরুরিভিত্তিতে এসব যন্ত্রপাতি বরাদ্দ করেছি। এর ফলে এ অঞ্চলের ধান কাটায় আর কোনো সমস্যা হবে না’।

কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে ১০০ কোটি টাকার কৃষি যন্ত্রপাতি সরবরাহের কার্যক্রম চলছে। আগামী জুনের মধ্যে সারাদেশে ৬৪টি জেলায় তিন ক্যাটাগরির কৃষি যন্ত্রপাতি কম্বাইন হারভেস্টর, রিপার এবং রাইস ট্রান্সপ্লান্টার সরবরাহ করা হবে।