কানাডায় করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২২:৪৪

কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত রবিবার আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে কানাডায় করোনা ভাইরাসে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন বীর মুক্তিযোদ্ধা হাজি তুতিউর রহমান ওরফে তুতি ভাই (৭২)।

স্থানীয় মাইকেল গেরন হাসপাতালে তার মৃত্যু হয়। গত দুই সপ্তাহ ধরে তিনি আইসিইউতে ছিলেন। তার দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী রয়েছেন। তুতিউর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখায়। তিনি মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ছিলেন। এর আগে শনিবার (৪ এপ্রিল) অটোয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বাংলাদেশি হাজি শরিতুল্লাহ। জালালাবাদ পত্রিকার সম্পাদক রুহুল চৌধুরী ইত্তেফাককে জানান, মরহুমের লাশ ডল ল্যান্ডের মদিনা মসজিদ জানাজা-দাফনে অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে সেখানে করোনায় মৃত ব্যক্তিদের জানাজা-দাফন করা স্থগিত রেখেছে। ফলে পরিবার নাগেট মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নাগেট মসজিদে জানাজা হলে পিকারিং কবরস্থানে দাফন করা হবে। কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫১২, আর মারা গেছেন ২৮০ জন।