দ্বিতীয় সন্তানের বাবা হলেন রিয়াদ

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৩৭

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাস তখনও গোটা পৃথিবীকে গ্রাস করে বসেনি। গত ফেব্রুয়ারিতেই মাহমুদউল্লাহ রিয়াদ চিঠি দিয়ে বিসিবিকে জানিয়েছিলেন, এপ্রিলের শুরুতে তৃতীয় দফার পাকিস্তান সফরে থাকতে পারবেন না। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়েছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। করোনার থাবায় স্তব্ধ এখন পৃথিবী। মহামারি রূপ ধারণ করা করোনার কারণে স্থগিত হয়ে গেছে বাংলাদেশের পাকিস্তান সফর। চলতি মাসের শুরুতেই যেটি হওয়ার কথা ছিল। তাই ছুটিটা আর লাগেনি রিয়াদের।

করোনার আতঙ্কের মাঝেই সুসংবাদ পেলেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক। গত সোমবার রাতে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখেছে রিয়াদের দ্বিতীয় ছেলে।

গতকাল ফেসবুক পোস্টে যার সুখবর দিয়েছেন রিয়াদ নিজেই। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, গত রাতে আমাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। তাকে আপনাদের দোয়ায় রাখবেন।’ নবজাতক ও রিয়াদের স্ত্রী দুজনই সুস্থ আছেন।

করোনার কারণে সব ধরনের ক্রিকেট বন্ধ। ক্রিকেটাররা পরিবারকে সময় দিতে পারছেন। করোনার বিরতি রিয়াদের জন্য শাপেবরই হলো। ক্রিকেট থেকে বিরতি না নিয়েই দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পেরেছেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিয়াদ ও মিষ্টি। ২০১২ সালেই প্রথমবার বাবা হন রিয়াদ। তার প্রথম ছেলে রাইদের বয়স এখন সাত।