স্পোর্টস রিপোর্টার
জনপ্রিয়তা, তারকা খ্যাতি, পারফরম্যান্স ছিল। শৃঙ্খলাভঙ্গের কারণে খবরের শিরোনাম হতেন। এখন সবই যেন তিমিরে হারিয়েছে। সাব্বির রহমানের নামটা কার্যত বিস্মৃত হতে বসেছে বাংলাদেশের ক্রিকেটে। লম্বা সময় জাতীয় দলের বাইরে তিনি। সর্বশেষ গত বছর সেপ্টেম্বরে খেলেছেন জাতীয় দলে। টি-২০ স্পেশালিস্ট হিসেবে খ্যাতি থাকলেও এখন এই খুদে ফরম্যাটেই তার জায়গা হয় না টাইগার স্কোয়াডে।
করোনা ভাইরাসের কারণে এখন গোটা দেশ প্রায় অবরুদ্ধ। করোনাকালে অন্য ক্রিকেটারদের মতো সাব্বিরও দেশবাসীকে আতঙ্কিত না হয়ে ঘরে থাকার অনুরোধ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। তাতেই অনেক দিন পর সাব্বিরকে সরব দেখা গেল।
ভিডিও বার্তায় সাব্বির বলেছেন, ‘আশা করি আপনারা ভালো আছেন। যদিও এখন ভালো থাকার সময় না, তার পরও একটা অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা প্লিজ বাসায় থাকুন, দয়া করে বাসা থেকে বের হবেন না। সরকারের দেওয়া নির্দেশনা আমরা মেনে চলব। প্লিজ লক ডাউনটা মেনে চলুন। কেননা আপনি সুস্থ থাকলে আপনার বাসার পরিবার-পরিজন সুস্থ থাকবে। সর্বোপরি পুরো দেশবাসী সুস্থ থাকবে। আশা করি ইন শা আল্লাহ বাসায় থাকার চেষ্টা করবেন।’
