খুমেকে করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষা শুরু

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৪২

জেলায় ১১টি ফ্লু কর্নার স্থাপন

খুলনা অফিস

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনের উদ্বোধন করার পর করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে পরীক্ষার জন্য পিসিআর মেশিনে ১৫টি স্যাম্পল দেওয়া হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, করোনা শনাক্তকরণ মেশিন দিয়ে এক সঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে। গতকাল মঙ্গলবার প্রথম দিনে পরীক্ষার জন্য পিসিআর মেশিনে ১৫টি স্যাম্পল দেওয়া হয়েছে। মেশিন থেকে বেরুনোর পর বিস্তারিত জানানো যাবে। সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করা হবে। তবে যে কেউ চাইলে নিজে নিজে এসে পরীক্ষা করাতে পারবেন না।

তিনি বলেন, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা সদর হাসপাতাল এবং খুলনার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ফ্লু কর্নার স্থাপন করা হয়েছে। ফ্লু কর্নারের বিশেষজ্ঞ চিকিত্সক রোগীর লক্ষণ ও উপসর্গ দেখে যাদের করোনা ভাইরাস পরীক্ষা করা প্রয়োজন শুধু তাদেরই নমুনা পিসিআর মেশিনে পরীক্ষা করা হবে। পিসিআর মেশিনে চার ঘণ্টার মধ্যে পরীক্ষার ফলাফল জানা যাবে। তবে এখানকার ফলাফলের ভিত্তিতেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে না। পরীক্ষাসংক্রান্ত তথ্যাদি দ্রুত সময়ে ঢাকাস্থ আইইডিসিআরে প্রেরণ করে নিশ্চিত হয়ে ফলাফল জানানো হবে। করোনা ভাইরাস পরীক্ষার পর যারা পজিটিভ শনাক্ত হবেন তাদের করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে প্রস্তুত করা খুলনা ডায়াবেটিক হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিত্সা দেওয়া হবে।