রাঙ্গাবালীতে আকস্মিক ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৪৩

খোলা আকাশের নিচে অনেক পরিবার

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা

আকস্মিক ঘূর্ণিঝড়ে রাঙ্গাবালীতে অর্ধশতাধিক বাড়িঘর ও একটি হাফিজিয়া মাদ্রাসা বিধ্বস্ত হয়েছে। এছাড়াও শত শত গাছপালা উপড়ে পড়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সোমবার বিকালে উপজেলা সদর ও ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী এলাকায় ঘণ্টাব্যাপী ঘূর্ণিঝড় তাণ্ডব চালায়। এতে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার খোলা আকাশের নিচেই রয়েছেন। রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আমার ইউনিয়নের অনেক লোকের ঘর বিধ্বস্ত হয়ে গেছে। করোনায় এই মুহূর্তে মানুষ এমনিতেই কর্মহীন, টাকা পয়সা নেই। এর মধ্যে আবার ঘরবাড়ি ভেঙে গেছে। যার কারণে মানুষ এখন কঠিন বিপদে আছেন। ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এ বি এম আব্দুল মান্নান জানান, যাদের বাড়িঘর ভেঙে গেছে, তাদের অনেকেই দরিদ্র। এখন তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। তারা অনেকেই খোলা আকাশের নিচে আছেন। আমরা চেষ্টা করছি তাদের থাকার জায়গা করে দেওয়ার জন্য।  রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ূন কবির জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান জানান, তালিকা হাতে পেলেই এ ব্যাপারে শিগিগরই ব্যবস্থা নিচ্ছি।