কুমিল্লায় দুইটি বাড়ি লকডাউন

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৪৪

কুমিল্লা প্রতিনিধি

ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মায়ের মৃত্যুর পর কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামে মৃতের সন্তানদের ২টি বাড়ি করোনা সন্দেহে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরুল হাসান পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে মৃতের সন্তানদের বাড়ি লকডাউন করেন। এর আগে গত রবিবার রাত ১১টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাদের মায়ের (৬৫) মৃত্যু হয়। পরে সোমবার পরিবার নিয়ে এক সন্তান বুড়িচংয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। এসব তথ্য নিশ্চিত করেছেন ইউএনও মো. ইমরুল হাসান।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু জানান, ঢাকা থেকে আসা ঐ ব্যবসায়ীসহ তার পরিবারের ৫ সদস্যের শরীরের আলামত সংগ্রহ করে আইইডিসিআর-এ প্রেরণ করা হয়েছে। পরে ঐ ব্যবসায়ী ও তার ভাইয়ের দুটি বাড়ি লকডাউন করা হয়। বুধবার ব্যবসায়ীর ভাইয়ের পরিবারের সদস্যদের শরীরের আলামত সংগ্রহ করা হবে।

কাপ্তাইয়ে ১০ আনসার সদস্য লকডাউনে

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা জানান, কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় একটি আনসার ক্যাম্পে অবস্থানকারী ১০ আনসার সদস্যকে লকডাউন করা হয়েছে। ৭ এপ্রিল থেকে পরবর্তী ১৪ দিন তাদের কেউ ঘর থেকে বের হতে পারবেন না। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল ১০ আনসার সদস্যের লগডাউন হবার কথা নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বলেন, দুই আনসার সদস্য সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়েছেন। গতকাল সকালে জ্বরে আক্রান্ত আনসার সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদার হাটে পাঠানো হয়। পরীক্ষার ফল আসতে দুদিন সময় লাগবে। পরীক্ষায় পজেটিভ ফল পাওয়া গেলে লগডাউনে থাকা আনসার সদ্যদের খাওয়া সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।