করোনার বিস্তার রোধে প্রশাসনের ঘোষিত নির্দেশকে পাত্তা দিচ্ছে না বগুড়ার আদমদীঘি উপজেলার অধিকাংশ মানুষ। তারা ঘরে না থেকে ও সামাজিক দূরত্ব না মেনে হাটবাজারে আড্ডা দিয়ে বেড়াচ্ছে। সময়সূচি না মেনে দোকানপাট খোলা রাখা হচ্ছে। উপজেলার সান্তাহার পৌর শহরসহ ছয়টি ইউপি এলাকায় সবসময় মানুষের আনাগোনা লক্ষণীয়। তবে হাটবাজারে মানুষের সমাগম বেশি। এ কারণে এই এলাকা করোনা সংক্রমণ ঝুঁকিতে রয়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে প্রতিদিনই মাইকিং করে মানুষকে সর্তক করা হচ্ছে। নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে দোকান মালিককে জরিমানা ও যৌথ নিরাপত্তাবাহিনীর নিয়মিত টহলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। জনসমাগম স্থলে পুলিশ সেনা সদস্যরা এলে দোকান মালিক ও অস্থায়ী দোকানিরা দৌড়াদৌড়ি করে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে গেলেই মানুষ আবার জড়ো হয়ে জটলা পাকাচ্ছে। ফলে সামাজিক দূরত্ব নিশ্চিত না-হওয়ায় করোনা সংক্রমণ ঝুঁকি বেড়ে যাওয়ায় সচেতন মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। পরিশেষে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশিষ্টদের দৃষ্টি আর্কষণ করছি।
সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া
