নরসিংদীতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২১:২৬

নরসিংদী প্রতিনিধি

সমন্বয়হীনতার কারণে নরসিংদীতে প্রকৃত কর্মহীনরা খাদ্যসহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। রাজনৈতিক বিবেচনা ও স্বজনপ্রীতির কারণে বেশির ভাগ ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যানগাড়িচালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার নরসুন্দররা এ তালিকা থেকে বাদ পড়েছেন। যারা দৈনন্দিন আয়ে সংসার চালান তাদের তালিকা প্রস্তুত করে খাদ্যসহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। নরসিংদী জেলাতে যারা দৈনিক আয়ে সংসার চালান তাদের সংখ্যা দুই লক্ষাধিক।

এছাড়া রাজনৈতিক বিবেচনায় জোরপূর্বক ত্রাণ সংগ্রহ, অপরিকল্পিতভাবে ত্রাণ বিতরণ, মানুষের মধ্যে নিয়ম না মানার প্রবণতা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সূত্র মতে জেলাতে প্রায় ৪ লাখ নিম্ন আয়ের পরিবার রয়েছে। এ পর্যন্ত জেলায় ৩০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হচ্ছে।