আন্তর্জাতিক ক্রিকেটের ডামাডোলে ব্যস্ত সময় পার করে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। গত কয়েক বছর ধরে সেই ব্যস্ততা ক্রমান্বয়ে বাড়ছে। আন্তর্জাতিক ক্রিকেটের রঙিন মঞ্চের কারণে ঘরোয়া ক্রিকেটে সেভাবে আলো পড়ে না। তবে ঠিকই আপন গতিতে অনুষ্ঠিত হয় দেশের ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলো। এখানে পারফর্ম করেই ক্রিকেটাররা জাতীয় দলে সুযোগ পান। খেলেন এইচপি, ‘এ’ দলের হয়ে। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের ১৯ জন ক্রিকেটারের অভিষেক (টেস্টে ৮, ওয়ানডে ৫, টি-২০ ৬) হয়েছে। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই তারা নজরে এসেছিলেন নির্বাচকদের। ২০১৮ সালে সফলভাবে শেষ হয়েছে চারটি টুর্নামেন্ট। এই বছর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) অনুষ্ঠিত হয়েছে দুইবার। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও অনুষ্ঠিত হয়েছিল। যেখানে বিসিএলে ডাবল শিরোপা জিতেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। বছরের শুরুতে ২০১৭-১৮ মৌসুম এবং শেষে ২০১৮-১৯ মৌসুমের বিসিএল চ্যাম্পিয়নও হয়েছে দলটি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতেছিল আবাহনী। এনসিএলে ছয় বছর পর রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এই বছর অনুষ্ঠিত হয়নি।
বিসিএল
বছরের শুরুতে বিসিএলের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়েছিল দুই ভাগে। ৯-২৪ জানুয়ারি পর্যন্ত তিনটি রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল। পরে ঢাকা প্রিমিয়ার লিগের কারণে প্রায় আড়াই মাস বিরতি পড়ে। এপ্রিলে আবার পরের তিন রাউন্ড অনুষ্ঠিত হয়। নূরুল হাসান সোহানের নেতৃত্বে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল শিরোপা জিতেছিল। শেষ ম্যাচে মাশরাফি বিন মুর্তজাও দক্ষিণাঞ্চলের হয়ে খেলেছিলেন। ৭৭৯ রান করে লিটন দাস ছিলেন সেরা ব্যাটসম্যান। ৪৩ উইকেট নিয়ে সেরা বোলার আব্দুর রাজ্জাক।
বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগের মতোই ফ্র্যাঞ্চাইজভিত্তিক বিসিএলের সপ্তম আসরে দল গঠন হয় প্লেয়ার্স ড্রাফট পদ্ধতিতে। আগের আসরের ছয়জন করে ক্রিকেট ধরে রাখতে পেরেছিল দলগুলো। এবার অবশ্য কোনো বিরতি ছাড়াই টুর্নামেন্ট শেষ হলো। তবে বিসিএলের রোল অব অনারের লাইনআপে পরিবর্তন হয়নি। আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ৬৫৮ রান করে এনামুল হক বিজয় শীর্ষ রান সংগ্রাহক। ৩৪ উইকেট নিয়ে সেরা বোলার রাজ্জাক।
এনসিএল
দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট এনসিএল শুরু হয়েছিল ১ অক্টোবর। একটানা খেলা চলায় শেষ হয়ে গেছে ৮ নভেম্বর। খুলনার দাপট থামিয়ে ৬ বছর পর এনসিএল শিরোপা জিতে রাজশাহী বিভাগ। জহুরুল ইসলাম অমির নেতৃত্বে শেষ ম্যাচে বরিশালকে হারিয়ে এনসিএলের ২০তম আসরের ট্রফি জিতে নেয় রাজশাহী। এর আগে ২০১১-১২ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। ৬৪৮ রান করে লিগের সেরা ব্যাটসম্যান হয়েছিলেন সাদমান ইসলাম অনিক। যে পারফরম্যান্সের কারণে পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকও হয়েছিল তার। ২৮ উইকেট নিয়ে সেরা বোলার চট্টগ্রামে অফস্পিনার নাঈম হাসান।
ঢাকা প্রিমিয়ার লিগ
ওয়ানডে ফরম্যাটের এই লিগটি ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা আকর্ষণ। সিংহভাগ ক্রিকেটারের রুটি-রুজির অবলম্বন বলে ঢাকা প্রিমিয়ার লিগ একটি বৃহত্ ক্রিকেট যজ্ঞই বলতে হবে। ২০১৭-১৮ মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে। শেষ হয়েছিল ৫ এপ্রিল। শক্তিশালী দল গড়া আবাহনী লিমিটেডের ঘরেই গিয়েছিল ট্রফি। লিগের ইতিহাসে রেকর্ড ১৯ বার চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি। গত তিন মৌসুমে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো আবাহনী। প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে আবাহনীর পরই অবস্থান মোহামেডানের। কিন্তু তারা ট্রফি নিতে পেরেছে ৯ বার। আর কোনো ক্লাবই নেই আবাহনীর ধারে কাছে।
লিগের পারফরমারদের পরিসংখ্যানেও আবাহনীর দাপট প্রমাণিত ছিল। দলের টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৭৪৯ রান করেছিলেন। ৩৯ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন মাশরাফি বিন মুর্তজা। অফিসিয়ালি নেতৃত্ব না দিলেও আবাহনীর ট্রফি জয়ে বড় ভূমিকা ছিল নড়াইল এক্সপ্রেসের।
তবে এবার অতীতের মতো বাজে আম্পায়ারিংয়ের অভিযোগে সরব ছিল না ঢাকা প্রিমিয়ার লিগ।
