করোনা রোগী বহনে প্রস্তুত বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

করোনা আক্রান্ত রোগীদের বহনে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগ বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের নির্দেশনায় বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ মডেলের হেলিকপ্টারের অর্গানিক স্ট্রেচারকে বিশেষভাবে রূপান্তর করে করোনা রোগীকে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।

স্ট্রেচারটিতে একটি কাঠামো স্থাপন করা হয়েছে, যা প্লাস্টিক দ্বারা সম্পূর্ণভাবে আচ্ছাদিত থাকবে। এ আচ্ছাদনের ভিতরে অক্সিজেন মাস্কের মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের সুবিধা থাকবে। এ প্রস্তুতিমূলক ব্যবস্থাটি এমনভাবে সম্পাদন করা হবে, যাতে আক্রান্ত ব্যক্তি সর্বাবস্থায় সুরক্ষিত থাকে এবং একই সঙ্গে স্থানান্তর কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিবর্গ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ হতে সুরক্ষিত থাকে। এ নীতির অনুসরণে বিমান বাহিনী একটি অনুশীলন সফলভাবে সম্পন্ন করেছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনীর অন্যান্য হেলিকপ্টার ও পরিবহন বিমানগুলোতে এ ধরনের সুবিধা সংযোজনের বিষয়টি চলমান রয়েছে।