রূপগঞ্জে বড়ো ভাইকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২১:৫৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কাহিনাপাড়ায় বড়ো ভাই ফজলুল হককে (৮০) পিটিয়ে হত্যা করেছে ছোটো ভাই আব্দুল মজিদ। গতকাল মঙ্গলবার সকালে চিকিত্সাধীন অবস্থায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মো. আজম জানান, গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার ভাই নুরুল হকের ছোটো মেয়ে জহুরা বাড়ির সামনে কয়েক জন ছেলেমেয়ের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় তার চাচা মজিদ মিয়া জহুরাকে চড়থাপ্পড় মারলে তার পিতা ফজলুল হক তাকে মারধরের কারণ জিজ্ঞাসা করে। একপর্যায়ে মজিদ ক্ষিপ্ত হয়ে ফজলুল হককে গালিগালাজ করে। পরে আশপাশের লোকজন এসে উভয়কে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে মজিদ তার ছেলে আলমগীর, আব্দুল্লাহ, মেয়ে হামিদাসহ পাঁচ-ছয় জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফজলুল হকের বাড়িতে হামলা চালায়। প্রতিবাদ করায় মজিদের হাতে থাকা লাঠি দিয়ে ফজলুল হককে উপর্যুপরি পিটিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় ফজলুল হককে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ফজলুল হকের ছেলে বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।