বিসিএল

ব্যাটিংয়ে বিজয়, বোলিংয়ে রাজ্জাক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২১:০০

সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের শিরোপা জিতেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক এই টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। বিসিএলে এটি তাদের চতুর্থ শিরোপা। ছয় ম্যাচে দুটি জয়, একটি হার ও তিনটি ম্যাচ ড্র করেছিল দক্ষিণাঞ্চল।

লিগের সেরা পারফরমারদের তালিকায়ও দক্ষিণাঞ্চলের ক্রিকেটাররাই এগিয়ে আছেন। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই শীর্ষে দলটির ক্রিকেটার। বিসিএলে অলরাউন্ডার পারফর্ম করে নজর কেড়েছেন দক্ষিণাঞ্চলের মেহেদী হাসান। ব্যাটিং, বোলিং সেরা পাঁচেই রয়েছেন এই তরুণ ক্রিকেটার।

 ব্যাটিংয়ে দক্ষিণাঞ্চলের ওপেনার এনামুল হক বিজয় বিসিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ছয় ম্যাচে ৬৫.৮০ গড়ে ৬৫৮ রান করেছেন বিজয়। দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। ব্যাটসম্যানদের পরের দুটি স্থানে আছেন উত্তরাঞ্চলের দুই ব্যাটসম্যান। নাঈম ইসলাম ৫২২, জুনায়েদ সিদ্দিকী ৫০০ রান করেছেন। নাঈম দুটি সেঞ্চুরি, তিনটি হাফ সেঞ্চুরি থাকলেও জুনায়েদ একটি সেঞ্চুরি, চারটি হাফ সেঞ্চুরি করেছেন। ৪৬০ রান করে এবারের রানার্সআপ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের রনি তালুকদার চতুর্থ, এক রান কম করে পঞ্চম স্থানে আছেন দক্ষিণাঞ্চলের মেহেদী হাসান। সপ্তম স্থানে থাকা পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল হক তিন ম্যাচ খেলেই দুই সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ৪২৭ রান করেছেন। রানের মিছিল থেমেছে তুষার ইমরানের। ছয় ম্যাচে ৩০৩ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

বোলিংয়ে দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাকই সেরা উইকেট শিকারী। ছয় ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। ইনিংসে চারবার ও ম্যাচে একবার ১০ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানেও এক বাঁহাতি স্পিনার। উত্তরাঞ্চলের সানজামুল ২৯ উইকেট পেয়েছেন। দক্ষিণাঞ্চলের অফস্পিনার মেহেদী হাসান ২৩ উইকেট নেন। পেসারদের মধ্যে বেশি উইকেট নিয়েছেন উত্তরাঞ্চলের এবাদত হোসেন। পাঁচ ম্যাচে তিনি ২১ উইকেট পান। পূর্বাঞ্চলের আবু জায়েদ রাহী পাঁচ ম্যাচে ২০ উইকেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

সেরা পাঁচ ব্যাটসম্যান

নাম                                 দল                      রান              ১০০/৫০

এনামুল হক বিজয়              দক্ষিণাঞ্চল             ৬৫৮            ২/৩

নাঈম ইসলাম                    উত্তরাঞ্চল              ৫২২             ২/৩

জুনায়েদ সিদ্দিকী                উত্তরাঞ্চল              ৫০০            ১/৪

রনি তালুকদার                   পূর্বাঞ্চল                ৪৬০             ১/৩

মেহেদী হাসান                    দক্ষিণাঞ্চল             ৪৫৯             ০/৪

সেরা পাঁচ বোলার

নাম                                 দল                      উইকেট         ১০/৫ উই.

আব্দুর রাজ্জাক                   দক্ষিণাঞ্চল             ৩৪               ৪/১

সানজামুল ইসলাম              উত্তরাঞ্চল              ২৯               ৪/০

মেহেদী হাসান                    দক্ষিণাঞ্চল             ২৩               ১/০

এবাদত হোসেন                 উত্তরাঞ্চল              ২১               ১/১

আবু জায়েদ রাহী                পূর্বাঞ্চল                ২০               ১/০