দেশের বিভিন্ন স্থানে ত্রাণের ও ১০ টাকা কেজি দরের ১১৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ সময় এক ইউপি সদস্যসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। খবর আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সিংড়া (নাটোর) :নাটোরের সিংড়ায় ত্রাণের ১৩ বস্তা চালসহ এক ইউপি সদস্যসহ তিন জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় সুকাশ ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ্, চাল ব্যবসায়ী গোলাম ও চালের ডিলার লেবুকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে চাল ব্যবসায়ী গোলাম চাল কিনে নেওয়ার পথে বোয়ালিয়া এলাকায় আট বস্তা চালসহ স্থানীয়রা আটক করে প্রশাসনকে জানায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে বোয়ালিয়া ক্লাব থেকে আরো পাঁচ বস্তা চাল উদ্ধার এবং ইউপি সদস্য শাহিন শাহ্ ও ডিলার লেবুকেও আটক করা হয়। এ সময় সর্বমোট ১৩ বস্তা চাল জব্দ করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গাইবান্ধা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ :গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির ২০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের রজাকপুর থেকে এ চাল উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন চালের বস্তাগুলো দেখে পুলিশে খবর দিলে পুলিশ বস্তাগুলো থানায় নিয়ে আসে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ জানান, চাল পুলিশি হেফাজতে রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে রজাকপুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় খাদ্য অধিদপ্তরেরসেলাই করা ১৫ বস্তা, খোলা অবস্থায় আরো পাঁচ বস্তা চালপুলিশ থানায় নিয়ে আসে। ঘটনাস্থলে বস্তাগুলোর কোনো মালিক না পাওয়ায় পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে ডিলার মানিক মিয়া পলাতক রয়েছেন।এলাকাবাসীর দাবি গুমানিগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডিলার মানিক মিয়া চাল বিক্রির একপর্যায়ে হতদরিদ্রদের মাঝে চাল বিক্রি না করে প্রায় ২০ বস্তা চাল অবৈধভাবে এক চাল ব্যবসায়ীর নিকট বিক্রি করে দেন। বিষয়টি এলাকাবাসীর চোখে পড়লে ঐ চাল রিকশা-ভ্যানযোগে পাচারকালে তারা আটক করে। এ বিষয়ে ডিলার মানিক মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
যশোর :যশোরে কালোবাজারে বিক্রি করা খাদ্য অধিদপ্তরের চারটন (৪ হাজার কেজি) চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার শানতলা এলাকার একটি গুদাম থেকে ঐ চাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। এরা হলেন—বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের ফজর আলী মোল্লার ছেলে রাকিবুল হাসান ও শহরতলীর ঝুমঝুমপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে হাসিবুল হাসান। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মারুফ আহম্মেদ জানান, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-ঝিনাইদহ সড়কের শহরতলী শানতলার একটি গুদামে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সেখান থেকে ৫০ কেজির ৮০ বস্তা (৪ হাজার কেজি) খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চাল জব্দ করা হয়েছে। সরকারি এই চাল ত্রাণ হিসেবে বিতরণের জন্য প্যাকেট করা হচ্ছিল বলে আটককৃতরা দাবি করেছে। তবে আটককৃত দুই জনকে সঙ্গে নিয়ে ডিবি পুলিশ বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে অভিযান চালাচ্ছে। রাত ৮টায় এ রিপোর্ট লেখার সময় অভিযান চলছে বলে নিশ্চিত করেছেন ডিবির ওসি।
