মাজেদের গ্রেফতার মুজিববর্ষের সেরা উপহার :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২২:২৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি গ্রেফতার ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের দণ্ড কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাজেদের গ্রেফতার দেশবাসীর জন্য মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল ভিডিও বার্তায়     স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দীর্ঘদিন বঙ্গবন্ধুর যেসব দণ্ডপ্রাপ্ত খুনিকে দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার অপেক্ষায় ছিলাম তাদেরই একজন ক্যাপ্টেন আব্দুল মাজেদ পুলিশের কাছে ধরা পড়েছেন। আদালত থেকে তাকে হাজতবাসের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাড়ি নম্বর ১০/এ, রোড নম্বর-০১, ক্যান্টনমেন্ট আবাসিক এলাকায় তার স্ত্রী সানা বেগমের বাসায় তিনি থাকতেন। আমাদের গোয়েন্দাদের কাছে তার সব তথ্য ছিল। ১৫ আগস্ট ১৯৭৫ সালে ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় আব্দুল মাজেদ এবং নূর ও রিসালদার মুসলেহউদ্দিন—এই তিন জন সেখানে ছিলেন। আরো কয়েক জন ছিলেন। এই খুনি শুধু বঙ্গবন্ধুর খুনে অংশগ্রহণ করেননি, তিনি জেলহত্যায়ও অংশগ্রহণ করেছিলেন বলে আমাদের জানা রয়েছে। খুনের পরে তিনি জিয়াউর রহমানের নির্দেশ মোতাবেক বঙ্গভবনে এবং অন্যান্য জায়গায় কাজ করেছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করি, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা তার দণ্ডাদেশ কার্যকর করতে পারব। যারা এই কাজে সম্পৃক্ত ছিলেন তাদের ধন্যবাদ দিয়ে আমি মনে করি, মুজিববর্ষের একটা শ্রেষ্ঠ উপহার আমরা দেশবাসীকে দিতে পেরেছি।’