বর্ণবাদের দায়ে ইন্টারের শাস্তি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২১:০১

ন্যাপোলি ম্যাচে সমর্থকদের বর্ণবাদী আচরণের শাস্তি পেলো ইন্টার মিলান। পরবর্তী দুই ‘হোম’ ম্যাচে ফাঁকা গ্যালারির সামনেই খেলতে হবে নেরাজ্জুরিদের। 

বক্সিং ডে-তে ন্যাপোলির বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে ১-০ গোলে জয়লাভ করেছিল ইন্টার মিলান। তবে সেই ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার কালিদু কৌলিবালিকে লক্ষ্য করে বেশ কয়েকবার বর্ণবাদী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে ইন্টার মিলান সমর্থকদের উপরে। ন্যাপোলি কোচ কার্লো অ্যানচেলত্তি জানান ম্যাচটি স্থগিত করার জন্য তিনবার আবেদন করেছিল তার দল।  

ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সিরি আ কর্তৃপক্ষ জানায় আগামী দুই ম্যাচে দর্শকহীন গ্যালারির সামনেই খেলতে হবে ইন্টারকে। সাসুওলো এবং বোলোনিয়ার বিপক্ষে দুই ম্যাচে সমর্থকদের পাওয়া থেকে বঞ্চিত হলো ইন্টার। তবে দলটি নিজেও নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ম্যাচে উগ্রবাদী সমর্থক অধ্যুষিত অঞ্চল স্টেডিয়ামের ‘কার্ভা নর্ড’ বিভাগটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের সোচ্চার অবস্থান জানান দিয়ে সিরি আ’র আরেক দল এম্পোলি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে শনিবার ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটিতে ইন্টার সমর্থকদের টিকিট দেবে না তারা। 

ইন্টার সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হবার পর ক্রিশ্চিয়ানো রোনালদোসহ বড় বড় সিরি আ তারকাদের সহানুভূতি পেয়েছেন কৌলিবালি। এদিকে এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইন্টার মিলান অধিনায়ক মাউরো ইকার্দি। সেনেগালের এই ডিফেন্ডারের সঙ্গে একটি ছবি সংযুক্ত করে ইকার্দি ইন্সটাগ্রামে লিখেন,‘গতকাল সান সিরোতে যা ঘটেছে তাতে বেশ হতাশ আমি। বর্ণবাদ এবং বৈষম্য বন্ধে সোচ্চার হোন।’