গাজীপুর মহানগরীতে প্রবেশ ও বাহিরে নিষেধাজ্ঞা জারি

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০০:০৩

গাজীপুর সিটি করপোরেশনের এলাকার ভেতরে প্রবেশ এবং বাহিরে যাওয়া ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১১টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সাভার ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান, গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত বাস্তবায়নে গাজীপুর মহানগরীতে প্রবেশের ১০টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। ইতিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক. টঙ্গী-কালীগঞ্জ মহাসড়ক, কাশিমপুর এলাকায়, বাড়ীয়া এলাকা, টঙ্গীর কামারপাড়াসহ ১০টি পয়েন্টে পুলিশ তত্পর রয়েছে।