করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১৩ এপ্রিল পর্যন্ত চলমান সাধারণ ছুটির সময় দেশের তপশিলি ব্যাংকগুলোকে সীমিত আকারে লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ ীয় ব্যাংক। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহকেরা লেনদেন করতে পারবেন। আর ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত। তবে জরুরি বৈদেশিক লেনদেন করার জন্য নির্দিষ্ট ব্যাংক শাখার লেনদেনের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে বৈদেশিক শাখায় লেনদেন।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপরভিশন থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ইতিপূর্বে ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেন সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। লেনদেন-পরবর্তী অনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখাপ্রধান বেলা ৩টা পর্যন্ত খোলা রাখতে পারবে।
