লক্ষ্মীছড়ির দুর্গম কেন্দ্রে ভোটের সরঞ্জাম গেল হেলিকপ্টারে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২১:০৩

লক্ষ্মীছড়ির দুর্গম এলাকার ২টি কেন্দ্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ব্যালট পেপার, ব্যালট বাক্স, সংশ্লিষ্ট কর্মকর্তা ও যাবতীয় সরঞ্জামাদি পাঠানো হলো সেনাবাহিনীর সহযোগিতায় বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে। গত শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোন সদরে অবস্থিত হেলিপ্যাড হতে দায়িত্বশীলদের হাতে সরঞ্জাম তুলে দেওয়া হয়। ভোটের ২ দিন আগেই নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ সরকারের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ সোনাবাহিনী ২৪ পদাতিক গুইমারা রিজিয়নের অধীনে ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী লক্ষ্মীছড়ি জোনের হেলিপ্যাড থেকে সেনা এভিয়েশনের হেলিকপ্টারের সহায়তায় শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়।

 

এসময় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল বলেন, লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোট কেন্দ্র হলো ১১টি। ভোট কক্ষ ৩৬টি। দুর্গম ২টি কেন্দ্রে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হলো। কেন্দ্র ২ টির সাথে উপজেলা সদরের সাথে কোনো সড়ক যেগাযোগ ব্যবস্থা নেই। এমনকি পায়ে হাঁটার রাস্তাও উন্নত নয়। যে কারণে হেলিকপ্টারের সহায়তা নেয়া হয়েছে। এসময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে:কর্নেল মো: মিজানুর রহমান মিজান, গুইমারা রিজিয়নের জিটু মেজর মইনুল আলম, লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রায়শাদ রেজা রাতুল উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং অফিসার জাহিদ ইকবাল সাংবাদিকদের আরো জানান, উক্ত কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ছাড়াও ২ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৪ জন পোলিং অফিসারসহ পুলিশ ৩ জন, আনসার-ভিডিপি ৮ জন, মহিলা ভিডিপি ৪ জন নির্বাচনী কাজে দায়িত্বে থাকবেন। এছাড়া অতিরিক্ত নিরাপত্তা হিসেবে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে বলে তিনি জানান। ওই ২টি কেন্দ্রে ভোটার সংখ্যা হলো শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ৯৩০ জন। পুরুষ ভোটার ৪৮৪ এবং মহিলা ভোটার ৪৪৬ জন। অপরটি হলো বর্মাছড়ি ইউনিয়নে ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ৯৫৫ জন। পুরুষ ভোটার ৫১৩ এবং মহিলা ভোটার ৪৮২ জন। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন অফিসার কিরন বিকাশ চাকমা জানান, লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোটার ১৮ হাজার ২শ’ ৯৯ জন।