‘সব কনসার্টেই দু-একটা করে বাচ্চু ভাইয়ের গান করবো’

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২০:৫১

ফয়সাল আহমেদ। মেটাল মেজ ছেড়ে সম্প্রতি তিনি যোগ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল-এ। প্রসঙ্গটি নিয়ে তিনি কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন নুরুল করিম

মেটাল মেজ থেকে বেরিয়ে আর্টসেলে যোগ দিয়েছেন। কেমন লাগছে?

আসলে আমরা একসাথেই শুরু করি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। আর্টসেল অনেক জনপ্রিয়তা পেয়েছে। মেটাল মেজেরও একটা নাম-ডাক হয়েছে, তবে বেশকিছু সমস্যা ছিল ব্র্যান্ডটিতে। তাই আর্টসেলে এলাম। ৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সাইন করে ১০ তারিখে একটা কনসার্টও করেছি। জয়েন করে বেশ ভালো লাগছে। নতুন কিছু করতে পারবো আশা করি।

মেটাল মেজ থেকে বের হওয়ার কারণ কী?

অনেকগুলো সমস্যা ছিল মেটাল মেজে। কয়েকবার ভোকাল বদল করতে হয়েছে। এক সময় দেখলাম, নিজেদের মধ্যে বোঝাপড়ার সমস্যা হচ্ছে। এভাবে তো আর চলা যায় না।

তাহলে মেটাল মেজের ভবিষ্যত্ কী?

মেটাল মেজের বেশকিছু জনপ্রিয় গান আছে। নাম-ডাক আছে। মেটাল মেজ এখন যে অবস্থায় আছে সেভাবেই দাঁড়িয়ে থাকবে। হারাবেও না, সামনেও এগুবে না।

আর্টসেল-শিরোনামহীন একসাথে কাজ শুরু করার কথা। বিষয়টি কতদূর এগুলো?

আর্টসেলেও অনেকদিন ধরে লাইনআপ সমস্যা ছিল। অ্যালবামও বের হচ্ছে না। শিরোনামহীন বেশকিছু সঙ্কটের মধ্যে ছিল। মাঝে সাজু ও সেজান দেশের বাইরে চলে যায়। তো সাজু ও লিঙ্কন ভাই এক হয়ে সিদ্ধান্ত নিলো আবার নতুন করে শুরু করার। যাতে সবাই একসাথে এগুতে পারে।  আমাকেও বললো আমি জয়েন করবো কি-না। তাদের পরিকল্পনার কথা শুনে আমিও থাকার সিদ্ধান্ত নিলাম। আশা করি সবাই মিলে ভালো কিছু করবো।

আইয়ুব বাচ্চুর স্মরণে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন?

অবশ্যই। আসলে আইয়ুব বাচ্চু ভাই এমন একজন মানুষ, যার কাছ থেকে আমরা সবাই শিখেছি। উনি দেখিয়েছেন গানের বাইরে কিভাবে একটি গিটারের সুরের মাধ্যমে মানুষের মন জয় করা যায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাচ্চু ভাইয়ের সবগুলো গান কাভার করবো। করেছিও, এনটিভিতে একটি অনুষ্ঠান করেছি কিছুদিন আগে। ওটাতে বাচ্চু ভাইয়ের ৮টি গান গেয়েছি। এখন থেকে সব কনসার্টেই দু-একটা করে বাচ্চু ভাইয়ের গান করবো।