বরিশাল মেডিক্যাল কলেজে করোনা ল্যাব চালু 

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৬:২৫

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব চালু হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি বুধবার প্রথম দিন পরীক্ষামূলকভাবে একজন সন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা ল্যাবের কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ বুধবার বেলা ১১ টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের দ্বিতীয় তলার মাইক্রোবায়োলজি বিভাগে আরটি-করোনা ল্যাবের কার্যক্রম শুরু হয়। 

বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এ সময় উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এই ল্যাবে অদক্ষ টেকনোলজিস্টদের প্রশিক্ষণ ও করোনা ভাইরাস পরীক্ষা কার্যক্রম একইসাথে শুরু হয়েছে। আপাতত ধীর গতিতে পরীক্ষা শুরু হলেও পরবর্তীতে টেকনোলজিস্টরা দক্ষ হলে প্রতিদিন ৯৪ জন রোগীর নমুনা পরীক্ষা করা যাবে। বর্তমানে প্রশিক্ষণের জন্য ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ মেডিক্যাল টেকনোলজিস্টরা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের টেকনোলজিস্টদের করোনা বিষয়ে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিচ্ছে।

বরিশালে করোনা ল্যাব চালু হওয়ায় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী।

আরো পড়ুন: মাজেদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে ঢাকা জেলা জজ আদালতের ছুটি বাতিল

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষণ দাস বলেন, বরিশালের করোনা ল্যাবে ৩ জন চিকিৎসক এবং ৫জন মেডিক্যাল টেকনোলজিস্ট রয়েছেন। এদেরকে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞরা করোনা পরীক্ষা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।

এসময় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ ও মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এএএম