কোহলিকে হারিয়ে উইজডেন জিতলেন বেন স্টোকস

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২০:১৭

১৫ বছর পর আবারো উইজডেন অ্যালমানাক'র  পুরস্কার আসলো  ইংল্যান্ডের ঘরে। এর আগে ২০০৫ সালে উইজডেনের শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন সাবেক পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। এবার সেই পুরস্কার জিতলেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস। 

স্টোকস ছাড়া উইজডেনের এবারের সংস্করণে সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের জোফরা আর্চার, দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার এবং অস্ট্রেলিয়ার প্যাট কামিনস, মার্নাস লাবুশেন ও নারী দলের অলরাউন্ডার এলিস পেরি। এবারের উইজডেনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ারই জয়জয়কার।

বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে হয়েছেন টুর্নামেন্টের সেরা। নাটকীয় ফাইনালে তাঁর হাত ধরে বিশ্বকাপ জেতে ইংলিশরা। এরপর অ্যাশেজেও অতিমানবীয় দুটি ইনিংস খেলে হলেন সিরিজ সেরা। বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন স্টোকস। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে সরিয়ে উইজডেনের ‘লিডিং ক্রিকেটার অব দ্য ওয়ার্ল্ড' মনোনীত হয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। তিন বছর ধরে এই জায়গা ধরে রেখেছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট

পুরুষদের ক্রিকেটে যেমন শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টোকস, তেমনি নারী ক্রিকেটে এই সম্মান পেয়েছেন অস্ট্রেলিয়া এলিস পেরি। এর আগে ২০১৬ সালেও শীর্ষ নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া এবারের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আন্দ্রে রাসেল।

প্রায় ১৩০ বছর আগে ১৮৮৯ সাল থেকে প্রচলিত উইজডেনের এবারের সংস্করণের প্রচ্ছদে রাখা হয়েছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপেন প্রতীকি ছবিটিকে। যেখানে সুপার ওভারের শেষ বলে মার্টিন গাপটিলকে রানআউট করার পথে  ইংলিশ উইকেটরক্ষক জস বাটলার স্টাম্প ভাঙছেন।

ইত্তেফাক/এসআই