ফারুকের প্রচারণায় তারকারা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২১:০৮

দেশের জাতীয় নির্বাচনে প্রতিবারই অনেক তারকা প্রার্থী হিসেবে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও রয়েছেন অনেকে। নৌকার প্রার্থী হিসেবে চিত্রনায়ক ফারুক ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন। সম্প্রতি তার সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন শোবিজ তারকারা। রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক সড়কে প্রচারণায় অংশ নেন অনেক তারকা। ফারুক নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পাওয়া অনেক আনন্দের বিষয়। আমি কৃতজ্ঞ সবার প্রতি। আশা করি মানুষ আমাকে ভালোবেসে নির্বাচিত করবেন। তাদের পাশে দাঁড়ানোর সুযোগ দেবেন।’ অন্যদিকে রিয়াজ বলেন, ‘ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী হয়েছেন আমাদের প্রাণের মানুষ ফারুক ভাই। তার জন্য ভোট চাই। আমি যতদিন বাঁচবো এই দলের পক্ষে কাজ করে যাবো।’ রূপালি পর্দার সুপারস্টার মিয়া ভাইয়ের নির্বাচনী প্রচারণার অন্যতম সহযোগী চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘চিত্রতারকাদের প্রচারণার যে কত শক্তি তা এ এলাকার প্রার্থীরা টের পেয়েছেন। কারণ আমাদের এই শোবিজ তারকাদের প্রচারণায় ভয় পেয়ে অন্য প্রার্থীরা অনেকেই আমাদের নানা প্রলোভন দেখিয়েছেন।’ ফারুকের প্রচারণায় আরো অংশ নেন ফেরদৌস, মাহফুজ আহমেদ, জায়েদ খান, ইমন, সাইমন সাদিক, জয় চৌধুরী, ড্যানি সিডাক, এসডি রুবেল, অঞ্জনা, শাবনাজ, নিপুণ, মাহিয়া মাহী, সুইটি, রত্নাসহ আরো অনেকে।