পরিবহন সংকট
স্টাফ রিপোর্টার, রংপুর
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিবহন সংকটে স্থবিরতা নেমে এসেছে রংপুর অঞ্চলের কৃষিতে। মাঠ ভরা সবজি নিয়ে বিপাকে পড়েছে এই অঞ্চলের কৃষকরা।
কৃষকরা জানান, প্রতি মৌসুমে প্রায় ১০ লাখ মেট্রিক টন সবজি হয় রংপুর কৃষি অঞ্চলে। প্রতিদিন বেগুন, করলা, বরবটি, টম্যাটোসহ নানা শাকসবজি নিয়ে অসংখ্য ট্রাক যেত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এখন পরিবহন সংকটে শাকসবজি বাইরে পাঠানো যাচ্ছে না। স্থানীয় হাটবাজারেও নেই পাইকারি বেচাকেনা। মিঠাপুকুরের রানীপুকুর গ্রামের কৃষক মিলন মিয়া ও সাহেবুল ইসলাম মজনু বলেন, গাড়ি চলাচল বন্ধ। ঢাকাসহ বিভিন্ন জেলায় মাল পাঠানো যাচ্ছে না। কৃষি বিভাগ থেকে একটু সময় নিয়ে জমি থেকে ফসল তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু এতে তারা বিপাকে পড়েছেন। রংপুর সদরের জানকি রামজীবন গ্রামের কৃষক মনজুরুল ইসলাম বলেন, পরিবহন সংকটের কারণে শাক-সবজি নিয়ে চরম বিপাকে রয়েছি। কারণ শাকসবজি তো একটা সময়ের মধ্যে উত্তোলনের নিয়ম থাকে। বেশি দিন জমিতে থাকলে সমস্যা হয়। তখন ঠিকভাবে খাওয়াও যায় না। নগরীর কলেজ রোডের ট্রাক স্ট্যান্ডে কথা হয় আমিনুল ইসলাম ও নুর আলম নামের দুই ট্রাক চালকের সঙ্গে। তারা বলেন, করোনার কারণে ট্রাক চালানো বন্ধ রয়েছে। কারণ এই সময় ঝুঁকি নিতে চাই না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বলেন, যেহেতু এখনো ভরা মৌসুম আসেনি এখনো কম উত্পাদন হচ্ছে। আর এটি আসার আগে যদি দুর্যোগ কেটে যায়; তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না।
