বাটলারের জার্সি ৬৮ লাখ টাকা

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

করোনায় আক্রান্তদের জন্য চিকিত্সার অর্থ সংগ্রহের জন্য নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সিটি নিলামে তুলেছিলেন জস বাটলার। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের সেই জার্সি শেষ পর্যন্ত ৬৮ লাখ টাকার বেশি দামে বিক্রি হয়েছে। বাটলার নিজেই এই দাম দেখে অবাক হয়ে গেছেন।

লন্ডনে দুটি হাসপাতালকে আর্থিক সহায়তার জন্য এই উদ্যোগ নিয়েছিলেন বাটলার। গত ৩১ মার্চ অনলাইন নিলামে তোলেন জার্সিটি। নিলাম শেষ হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

একটা পর্যায়ে অবশ্য আরো বেশি দাম উঠেছিল এই জার্সির। বিড হয়েছিল ১৬০টি পর্যন্ত। সর্বোচ্চ মূল্য ছিল ৬৫ হাজার ৯০০ পাউন্ড। শেষ পর্যন্ত টিকে ছিল ৮২টি বিড। চূড়ান্ত দাম উঠেছে ৬৫ হাজার ১০০ পাউন্ড।

এই জার্সি পরেই গত জুলাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন বাটলার। দলের শিরোপা জয়ে তার ছিল বড়ো অবদান। ব্যাট হাতে করেছিলেন গুরুত্বপূর্ণ ফিফটি। দলের রোমাঞ্চকর জয়ের মুহূর্তটি এসেছিল তার হাত ধরেই। সুপার ওভারের শেষ বলে তিনিই বল ধরে দারুণ দক্ষতায় রান আউট করেছিলেন মার্টিন গাপটিলকে। স্মরণীয় জার্সিতে সতীর্থদের সবার অটোগ্রাফ নিয়ে রেখেছিলেন বাটলার। তার সেই জার্সির ওজন এখন আরো বেড়ে গেছে বলে মনে করেন ২৯ বছর বয়সি তারকা, ‘এটি খুবই স্পেশাল একটি শার্ট আমার জন্য। তবে ভীষণ প্রয়োজনীয় একটি কাজে লাগায় এটি আরো অর্থবহ হয়ে উঠেছে।’