বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের চিকিত্সা নিয়ে আফ্রিকায় পরীক্ষা-নিরীক্ষা করার ফরাসি চিকিত্সকদের প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস। একে ‘ঔপনিবেশিক মানসিকতার’ প্রতিফলন বলে আখ্যায়িত করেছেন তিনি।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে তেদ্রোস বলেছেন, ‘সত্যিকার অর্থে আমি খুব মর্মাহত হয়েছি। এটা এমন একটা সময় যখন আমাদের সংহতি দরকার তখন এই ধরনের বর্ণবিদ্বেষী বক্তব্য প্রকৃত অর্থে সমস্যার সমাধানে সহায়তা করবে না।’ প্যারিসের কোচিন হাসপাতালের আইসিইউ সেবার প্রধান ডা. জ্যঁ-পল মিরা এবং
ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল রিসার্চের পরিচালক ক্যামিলে লোচের বক্তব্য নিয়ে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকমের।
এক টেলিভিশন আলোচনায় এই দুই চিকিত্সক কোভিড-১৯ এর চিকিত্সায় বিসিজি টিকা কার্যকর হতে পারে কি-না, তা নিয়ে কথা বলেন। বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া নভেল করোনা ভাইরাসের চিকিত্সায় যক্ষ্মার প্রতিষেধক এই টিকা নিয়ে এরই মধ্যে নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ায় পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষার জন্য ‘আফ্রিকা আদর্শ জায়গা হতে পারে’ বলে মন্তব্য করেন ডা. মিরা।
