যশোর অফিস
যশোরে স্বামীর ইটের আঘাতে আখিরন ওরফে আতিরন নেছা (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার চুড়ামনকাটি মুন্সী বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী শহর আলী পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানায়, গতকাল বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হলে স্বামী রাগের মাথায় ইট দিয়ে স্ত্রী আখিরনের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে আখিরনের মৃত্যু হয়। জানাজানি হলে স্বামী পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এসআই মুন্সী আনিছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে—পারিবারিক কলহের কারণে স্বামীর হাতে তিনি খুন হন। লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
