বরিশালে হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে দুই রোগী পালিয়েছেন

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২১:৪৯

বরিশাল অফিস

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ড থেকে দুই রোগী পালিয়েছেন। বিষয়টি মেট্রোপলিটন পুলিশকে অবহিত করে করোনা ওয়ার্ডের গেটে পুলিশ মোতায়েনের জন্য লিখিত আবেদন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ এপ্রিল বিকাল ৩টার পর জ্বর, গলাব্যথা ও কাশি নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ৬৫ বছর বয়স্ক নুরুল ইসলাম। তার বাড়ি ভোলা জেলার সদর উপজেলার চরপ্রসাদ গ্রামে। এরপর ৭ এপ্রিল বেলা ১১টার পর তাকে আর খুঁজে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে গত ৫ এপ্রিল দুপুর ১টা ৪৪ মিনিটে জ্বর, গলাব্যথা ও কাশি নিয়ে ৩৫ বছরের নাদিরা হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি বরগুনা জেলার সদর উপজেলার ছোট লবণগোলা গ্রামে। ৬ এপ্রিল থেকে তাকে খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। দুই রোগীর পালিয়ে যাওয়ার ঘটনা কোতোয়ালি মডেল থানাকে লিখিতভাবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের পালিয়ে যাওয়া রোধে ২৪ ঘণ্টায় তিন শিফটে মোট ছয় জন পুলিশ করোনা ওয়ার্ডের গেটে নিরাপত্তার জন্য মোতায়েনের লিখিত অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, বিষয়টি জানার পর রোগীদের বাড়ির ঠিকানা অনুসারে সংশ্লিষ্ট থানার এসপি ও ওসিদের জানানো হয়েছে।